৭ মার্চের ভাষণ বাঙালিকে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে উদ্ভুদ্ধ করেছিলো -পরিবেশমন্ত্রী

৭ মার্চের ভাষণ বাঙালিকে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে উদ্ভুদ্ধ করেছিলো -পরিবেশমন্ত্রী

মৌলভীবাজারঃ  বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলো। এই ভাষণে উদবুদ্ধ হয়েই সর্বস্তরের জনতা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলো এবং ৩০ লক্ষ লোক বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলো। এই ভাষণের কল্যাণেই আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।

৭ মার্চ শনিবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাশের বাজার উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবনের উদবোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, জাতির পিতার এই ভাষণটিকে ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিশ্বে এখন এই মহাকাব্যিক ভাষণটি নিয়ে গবেষণা ও থিসিস হচ্ছে ।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আরও বলেন, সরকার ১৭ মার্চ থেকে পরবর্তী এক বছর জাতির পিতার জন্মশতবর্ষ ‘মুজিববর্ষ’ উদযাপন করবে। ১৭ মার্চ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন সাফারিপার্ক, ইকোপার্কসহ সকল স্থাপনা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে, বিনামূল্যে পরিদর্শন করতে পারবে।

পরিবেশ মন্ত্রী বলেন, তাঁর মন্ত্রণালয় মুজিব শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে ৫ জুন সারাদেশে একযোগে শতলক্ষ গাছের চারা রোপণ করবে। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে পরিবেশ মন্ত্রী বলেন, তোমাদের আদর্শ মানুষ হতে হবে। কোনো কিছু না বুঝে মুখস্থ করা যাবে না।

মন্ত্রী বলেন, জীবনে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোতে হবে এবং প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি বলেন, বর্তমানে মানসম্মত শিক্ষাই সরকারের অগ্রাধিকার। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডাঃ স্বপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদবোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ তাজউদ্দীন, বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার শামীম আল ইমরান, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার উদ্দিন এবং বড়লেখা পৌরসভার মেয়র আবু ইমাম মোঃ কামরান চৌধুরী প্রমুখ ।

উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবনটি নির্মাণে মোট বিরাশি লক্ষ উনআশি হাজার টাকা ব্যয় হয়। একাডেমিক ভবনে তিনটি শ্রেণিকক্ষ নির্মাণ করা হয়েছে। উদবোধন অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রী বিদ্যালয়ের বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।