এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ স্বাধীনতার ৪৫ বছর পরে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হওয়ায় আনন্দে আত্যহারা মুক্তুমিয়া বলেন, “এত দিন ভিক্ষা করে বেড়াইছি, মাইষ্যে আমারে ভিক্ষুক মুক্তুমিয়া কইছে। এহন থেকে মাইষ্যে আমারে মুক্তিযোদ্ধা মুক্তুমিয়া কইবো। এহন আমি মইরাও শান্তি পামু।”
পঞ্চগড় সদর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি ও পঞ্চগড়-১ সাংসদ নাজমুল হক প্রধান এবং সদস্য সচিব সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু ওয়াদুদ সাক্ষ্য গ্রহণ করে এই ভিক্ষুক মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত করেন।
মুক্তিযোদ্ধা মুক্তুমিয়া পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভিতরগড়ের বাসিন্দা।পঞ্চগড় সদর উপজেলার বাদ পড়া মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই কার্যক্রমে তার নাম সর্বসম্মতিক্রমে তালিকাভুক্ত করা হয়।
১৯৭১ সালে পঞ্চগড়ে মুক্তিযোদ্ধাদের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন মাহবুব আলম তার মুক্তিযুদ্ধ স্মৃতি গ্রন্থ ‘গেরিলা থেকে সম্মুখ যুদ্ধ’ নামক বইয়ে এই মুক্তিযোদ্ধার নাম কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেছেন। তিনি মুক্তিযোদ্ধাদের গাইড করেছেন এবং সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত তাঁর নাম মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভূক্ত করা হয়নি।
পঞ্চগড়ের গণমাধ্যম কর্মীরা তাকে নিয়ে টেলিভিশন ও পত্রিকায় একাধিকবার সংবাদ পরিবেশন করেছেন। অবশেষে তাঁর নাম মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভূক্ত হওয়ায় গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সর্বস্থরের মানুষ খুশি হয়েছে। দেরিতে হলেও একজন প্রকৃত মুক্তিযোদ্ধা তাঁর যোগ্য সম্মান পেলো বলে তাঁরা জানায়।




