মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন দেশের তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীরা। ন্যূনতম মজুরি নির্ধারণের দিন আজ।
আজ ৭ নভেম্বর মঙ্গলবার শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এ সভায় চূড়ান্ত হতে পারে পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন। গতকাল এক গোলটেবিল বৈঠকে জানিয়েছেন মালিকপক্ষের প্রতিনিধি।
এর আগে গত ২২ অক্টোবরের বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ২০ হাজার ৩৯৩ টাকা এবং মালিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মজুরি প্রস্তাব করেন ১০ হাজার ৪০০ টাকা।
বৈঠকে উভয় পক্ষের মাঝামাঝি একটি মজুরি নির্ধারণ হতে যাচ্ছে। সে ক্ষেত্রে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার টাকার বেশি হওয়ার আভাস পাওয়া গেছে। তবে শ্রমিকরা চান ১৫ হাজার টাকার মধ্যে।
মালিকপক্ষের প্রতিনিধি মো. সিদ্দিকুর রহমান বলেন, মঙ্গলবার চূড়ান্ত মজুরি ঘোষণা হবে। শিল্প সুরক্ষা করে শ্রমিকদের জন্য সম্মানজনক হবে এই মজুরি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রমিকবান্ধব বলে ১৯৯৪ সালে যে মজুরি ছিল ৯৩০ টাকা, ২০১৮ সালে তা তিনি আট হাজার টাকায় নিয়ে গেছেন।
বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম বলেন, ‘মজুরি বোর্ডের ষষ্ঠ বৈঠকে সব পক্ষ আলাপ-আলোচনা করে ন্যূনতম যে মজুরি ঘোষণা করা হবে আমরা সেটি মেনে নেব।



