করোনাভাইরাস রুখতে বিভিন্ন দেশ তাদের ধর্মীয় কেন্দ্রগুলোসহ সব ধরনের জনসমাগমের স্থানগুলো বন্ধ করে দিয়েছে। রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দপ্তর হিসেবে কাজ করে ভ্যাটিকান সিটি। ইতালির রোম শহরের ভেতরে অবস্থিত স্বাধীন এই রাষ্ট্রের প্রধান পোপ ফ্রান্সিস। হাজার হাজার মানুষ নিয়মিত জড়ো হন একবার তার হাত নাড়া দেখে নিজের জীবন ধন্য ও সার্থক করতে। কিন্তু করোনার জেরে সেটি এখন জনশূন্য। তবুও নিয়ম করে পোপ রোজ হাত নেড়ে যাচ্ছেন জনশূন্য ফাঁকা জায়গার দিকে। সম্প্রতি পোপ এ নিয়ে হতাশা ব্যক্ত করেন এবং নিজেই রাস্তায় কিছুক্ষণ হাঁটেন।
ইসলাম ধর্মের মূল কেন্দ্র কাবা শরীফে দৈনিক হাজার হাজার মানুষ বিচরণ করেন। কিন্তু করোনার কারণে কাবার সেই চিরচেনা রূপ বদলে গেছে। যেখানে সবসময় লোকে লোকারণ্য থাকতো সেখানে এখন চারদিকে শূন্যতা।
শুধুমাত্র কাবা শরীফ বা ভ্যাটিকান সিটির অবস্থাই এমন নয়, এছাড়াও বিশ্বের বিভিন্ন ধর্মের কেন্দ্রগুলোর বর্তমান অবস্থা এমনই। সব ধর্মের পন্ডিত ব্যক্তিরা ঘরে বসে সৃষ্টিকর্তার প্রার্থনা করতে বলেছেন।
চীনের উহান থেকে ছড়ানো প্রাণঘাতী করোনা এখন সারা বিশ্বে ছড়িয়েছে। প্রাণঘাতী এই ভাইরাস ইতিমধ্যে প্রাণ কেড়ে নিয়েছে ১৬ হাজারেরও বেশি মানুষের। আক্রান্ত হয়েছেন কয়েক লাখ মানুষ।
কয়েকটি দেশে মহামারি রূপ নিয়েছে প্রাণসংহারি ভাইরাসটি। হাসপাতালে রোগীর জায়গা না হওয়ায় স্টেডিয়াম, শপিং মলকে হাসপাতালে পরিণত করা হয়েছে। তারপরও রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছে তারা। ইতালির প্রধানমন্ত্রী চোখের জল ছেড়ে দিয়ে বলছেন আমাদের আয়ত্তের বাইরে চলে গেছে সব কিছু। এখন একমাত্র আকাশ ভরসা।
যারা কোনো ধর্মে বিশ্বাস করেন না তারা প্রকৃতির কাছে আবেদন করছেন সব ঠিক করে দিতে।
তিন মাসের ব্যবধানে সম্পূর্ণ বদলে গেছে গোটা পৃথিবী। অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়ছে গোটা মানবজাতি। বিশ্বব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) আতঙ্ক বিরাজ করছে। থমকে গেছে পুরো বিশ্ব। অনেক দেশ লকডাউনও করে দেয়া হয়েছে। মানুষকে ঘরের মধ্যে থাকার আহ্বান জানানো হচ্ছে। ঘর থেকে বের হলে কোনো কোনো দেশ জেল-জরিমানার আইনও করেছে।

