মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া উপহার পাওয়া ট্যাব শিক্ষার্থীকে না দিয়ে নিজে ব্যবহার করার জন্য রেখে দেয়ার অভিযোগ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আব্দুল সালামের বিরুদ্ধে। সরকারি ট্যাব শিক্ষার্থীদের জন্য নিয়ে এবং মাদ্রাসায় গিয়ে না দেয়ার ঘটনাটি ঘটেছে মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়রে উত্তর রমজানপুর ফাজিল মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী মারিয়া আক্তারের সাথে।
গত ১৫ জুলাই কালকিনি উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের মাদ্রাসার নবম ও দশম শ্রেণির মেধাবী ২শত ৭২ জন শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান মিয়া গোলাপ এমপি। সেই বিতরণের ৮টি ট্যাব উত্তর রমজানপুর ফাজিল মাদ্রাসা নবম শ্রেণির ৪ জন ও দশম শ্রেণির ৪ জনকে বিতরণ করা হয়। কিন্তু প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব মাদ্রাসায় আনার পরে মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী মারিয়াকে মাদ্রাসা প্রধান বলে তুমি একটা ট্যাব পেয়েছো তবে তোমাকে দেওয়া যাবে না। এই ট্যাব মাদ্রাসা থাকবে কাজের জন্য। এবং মারিয়া ট্যাব না পেয়ে খালি হাতেই মন খারাপ করে বাড়ীতে চলে যায়। এবং পরিবারের কাছে অভিযোগ করলে তারা বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন। মারীয়া উত্তর রমজানপুর ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী, তার রোল – ৪।
প্রধানমন্ত্রীর উপহার ট্যাব না পাওয়া মাদ্রাসা শিক্ষার্থী মারিয়া বলেন আমাকে বড় হুজুর বলে তুমি সরকারি ট্যাব পেয়েছো তবে এটা তুমি পাবেনা মাদ্রাসার কাজে লাগবে। আমার জন্য আসা ট্যাব আমাকে না দিয়ে কেন রেখে দিলেন হুজুর, আমি খুবই কষ্ট পেয়েছি।
মারিয়ার পিতা দিন মজুর মোঃ জশিম সরদার বলেন, আমার মেয়ের নবম শ্রেণিতে রোল নম্বর ৪, আমার মেয়ে প্রধানমন্ত্রী উপহারের ট্যাব পেয়েছে মাদ্রাসার হুজুর কেন ট্যাব দিবে না। আমি এর সঠিক বিচার চাই।
উত্তর রমজানপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আঃ সালাম মুঠো ফোনে এ বিষয় জানতে চাইলে তিনি বলেন, ভাই আমি মাদারীপুর আছি, তবে আগামী রবিমার এটা মিমাংসা হবে বলে ফোন রেখে দেয়। এরপর একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ বুলবুল খান থাকেন আমেরিকায় তাই তার পরিবর্তে ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হাবিব বেপারীকে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ করেননি।
এ বিষয় কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা বলেন, এটা হতে পারে না। কারণ এই ট্যাব শুধু মেধাবী শিক্ষার্থীদের ব্যবহারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী উপহার হিসেবে দেয়া হয়েছে। এটা কোন স্কুল বা মাদ্রাসায় ব্যবহারের জন্য না। না দিলে এটা অনিয়ম। যদি এরকম কেউ করে থাকে তাহলে তার বিরূদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



