কোথাও প্রাকৃতিক দুর্যোগ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ঘুম রাত কাটান। যে কোনো দুর্যোগে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীরাই মানুষের পাশে থাকে। এটি আওয়ামী লীগের একটা সংস্কৃতি ও রীতি। বাংলাদেশ আওয়ামী লীগ মানব কল্যাণে কাজ করছে এবং সবসময় মানবতার পাশেই থাকে। বলেছেন পানিসম্পদ উপ-মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম।
আজ দিনব্যাপী শরীয়তপুরের নড়িয়া ও সখিপুরে ঘূর্ণিঝড় চিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার, নগদ অর্থ ও টিন বিতরণকালে সাংবাদিকদের এসব কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মা। যখনই কোথাও প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় তখনই সেখানে ত্রাণ তৎপরতায় প্রশাসন ও আমাদের দলীয় নেতাদের উৎসাহ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। তিনি পানি সম্পদ মন্ত্রণালয়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং দলীয় নেতাকর্মীদেরকে মানুষ ও মানবতার পাশে থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন।
উপ-মন্ত্রী শামীম বলেন, যে কোনো দুর্যোগ দুর্বিপাকে আওয়ামী লীগ জনগণের পাশে দাঁড়ায়। আর এদেশে কোনো রাজনৈতিক দল মানুষের পাশে থাকে না। তারা মাঝে মধ্যে ফটোসেশন করার জন্য ত্রাণ দিতে যায়। ফটোসেশন শেষ হলে বিদায় নিয়ে চলে আসে। বিএনপি মানুষের জন্য রাজনীতি করে না। তারা দুর্যোগ হলে তা নিয়ে রাজনীতি করে।
পানি উন্নয়ন বোর্ড শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী এস.এম আহসান হাবীব, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদউজ্জামান, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম রাজীব, পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ, পিআইও আহাদী হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সখিপুর থানার সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, নড়িয়া উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী ও কেদারপুর ইউপি চেয়ারম্যান মিহির চক্রবর্তী এ সময় উপস্থিত ছিলেন।
#




