নিউজ ডেস্কঃ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধে জড়িত ২৬১ জন পাকিস্তানি কর্মকর্তার তালিকা প্রকাশ হয়েছে। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের তথ্য অনুসন্ধান কমিটি এ তালিকা প্রকাশ করে।
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়।
কমিটির আহ্বায়ক মাহবুব উদ্দিন আহমদ (বীর বিক্রম) পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খানসহ দেশটির কর্মকর্তাদের এ তালিকা তুলে ধরেন।
তিনি বলেন, আমরা পাকিস্তানের ২৬১ জনের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করেছি। এদের মধ্যে ৪৩ জন দেশটির সেনাবাহিনীর সিনিয়র জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট কর্নেল এবং দুজন বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা।
পাকিস্তান সরকারের গঠিত হামুদুর রহমান কমিশনের রিপোর্টেই এদের বিরুদ্ধে অনেক সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। এছাড়া দেশটির উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের লিখিত পুস্তকেও চিহ্নিত এই সামরিক গোষ্ঠীর বিরুদ্ধে অনেক সাক্ষ্য রয়েছে।
মাহবুব উদ্দিন বলেন, আমাদের এ অনুসন্ধান চলবে এবং যুদ্ধাপরাধীদের এ সংখ্যা আরো বাড়তে পারে। সবকিছু ঠিকভাবে তদন্ত করে সাক্ষ্য প্রমাণ আরো জোগাড় করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে তদন্ত সেলের প্রধান মাহবুব উদ্দিন আহমদ ছাড়াও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন সাহাবুদ্দিন (বীর উত্তম) ও হাবিবুল আলম (বীর প্রতীক)।



