ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।। খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের অব্যাহত ভাঙ্গন ভয়াবহ আকার ধারণ করেছে। গ্রামের পর গ্রাম বিলিন হলেও ভাঙ্গনরোধে কর্তৃপক্ষের কোন কার্যকারিতা নেই।
সরেজমিন দেখা যায়, উপজেলার আগড়ঘাটা, মালথ, হাবিবনগর, পাররামনাথপুর, দরগাহমহল, মামুদকাটি গ্রাম ভাঙ্গনের শিকার। ইতিমধ্যে হাবিবনগর, পাররামনাথপুর নদীর গর্ভে বিলিন হয়ে গেছে। স্থানীয় রহিম শেখ ও মহর আলী মোড়ল জানায়, প্রায় ২ শতাধিক পরিবার ভাঙ্গনের কবলে পড়ে সর্বস্ব হারিয়ে বিভিন্ন স্থানে চলে গেছে। নদীর গর্ভে বিলিন হয়েছে মসজিদ, মাদরাসা, প্রাথমিক বিদ্যালয়, কবরস্থান ও দরগাহ।
সম্প্রতিকালের অব্যাহত ভাঙ্গনে মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, অধ্যক্ষ মাওঃ সাইফুল ইসলামের বাড়ী ঘর ও সম্পদ-সম্পত্তি নদীর গর্ভে চলে গেছে। আগড়ঘাটা বাজার সিংহভাগ নদীর গর্ভে বিলিন হওয়ায় বাজারটির অস্তিত্ব হুমকির মুখে। পাইকগাছা-খুলনা প্রধান সড়কের অবস্থান পরিবর্তন হয়েছে কয়েকবার। ভাঙ্গনরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে আবারো সড়কের অবস্থান পরিবর্তন করা লাগবে বলে মুক্তিযোদ্ধা শেখ সালামউল্লাহ জানান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান কওসার জোয়াদ্দার বলেন, নদীর ভাঙ্গনরোধে খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শনকালে ভাঙ্গনরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেলও আজও কোন ব্যবস্থথা নেয়া হয়নি।
তিনি আরো বলেন, দ্রুত ব্যবস্থা না নেয়া হলে পাইকগাছা-খুলনার যোগাযোগ ব্যবস্থা বন্দ হয়ে যাবে। এস.ও মোঃ ফরিদ উদ্দীন জানান, ভাঙ্গন কবলিত এলাকা যশোর পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন হওয়ায় পাইকগাছা উপজেলা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কোন কিছু করার নেই। তবুও বিষয়টি ভয়াবহ হওয়ায় তাদেরকে বিষয়টি অবহিত করেছি।




