নাহিদকে ফিরিয়ে না দিলে আন্দোলনে নামবে বিএনপি

বিশেষ প্রতিবেদকঃ সদ্য কারামুক্ত হওয়া বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘ছাত্রদল নেতা নাহিদকে পরিবারের কাছে ফিরিয়ে না দিলে এই সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এই সরকারের পতন অনিবার্য।’

আজ শনিবার দুপুর ১২টার দিকে নরসিংদী শহরের নাগরিয়াকান্দি মহল্লায় গুম হওয়া ছাত্রদল নেতা নাহিদের মা ও পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়ে খোকন এ কথা বলেন।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘দেশের ছাত্রসমাজ, যুবসমাজ ও সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। তারা এই স্বৈরাচারী শেখ হাসিনার অবৈধভাবে ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য বাকশালী কায়দায় গুম-খুন চালানোর বিরুদ্ধে এক হয়েছে।’

বিএনপি নেতা খোকন বলেন, ‘এই গুম-খুন বন্ধ করে নেতাকর্মীদের স্বাভাবিকভাবে রাজনীতি করার সুযোগ দিতে হবে। তা না হলে তার পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হবে।’

খায়রুল কবির বলেন, ‘নরসিংদীর জনপ্রিয় ছাত্রদল নেতা, নরসিংদী সরকারি কলেজের সাবেক এজিএস ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদকে সুপরিকল্পিতভাবে সরকারের সাদা পোশাকধারী গোয়েন্দা সংস্থার লোকজন অপহরণ করেছে। আমরা এখন পর্যন্ত তাঁর কোনো খবর পাইনি। আমরা তাঁকে জীবিত ও সুস্থ অবস্থায় ফিরে পেতে চাই।’

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দীন মো. দীপু, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান কবির হোসেন, মোহসীন হোসাইন বিদ্যুৎ, শাহেন শাহ্ শানু, সোহেল ভূঁইয়া, রোকন উদ্দিন ভূঁইয়া, আওলাদ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

গত ৮ জুন গভীর রাতে সাদা পোশাকধারীরা তিনটি গাড়ি নিয়ে নাহিদের বাড়ি ঘেরাও করে। তখন তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। সাদা পোশাকধারীরা নিজেদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তাঁকে ঘুম থেকে তুলে সবার সামনে দিয়ে নিয়ে যায়। নিখোঁজের নয়দিন পার হলেও তাঁকে পাওয়া যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।