দেশের কয়েকটি অঞ্চলে শনিবার (২৭ জুন) দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদফতরের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য শনিবার দুপুর ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে শনিবার ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অফিসের পরামর্শ অনুযায়ী, নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে এবং নদীবন্দর সংশ্লিষ্টদের সর্বশেষ আবহাওয়া বার্তা অনুসরণ করতে বলা হয়েছে।



