ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ, অগ্রাধিকার সংসদীয় কমিটি গঠন

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ, অগ্রাধিকার সংসদীয় কমিটি গঠন
সংসদের তৃতীয় অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায়। সংক্ষিপ্ত এ অধিবেশনে সংসদীয় কমিটি গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

বুধবার (২৬ আগস্ট) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে চিফ হুইপ জানান, বিরোধী দলের পক্ষ থেকে সংসদীয় কমিটির সদস্যদের নাম পাওয়া মাত্র সংশ্লিষ্ট কমিটিগুলো চূড়ান্ত করা হবে। অধিবেশনটি ৫, ৭ অথবা ১০ দিন চলতে পারে। তবে প্রয়োজন হলে অধিবেশনের মেয়াদ বাড়ানো হতে পারে।

উত্থাপিত হতে পারে ছয়টি গুরুত্বপূর্ণ বিল

তৃতীয় অধিবেশনে প্রায় ছয়টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সম্পত্তি হস্তান্তর, গুম প্রতিরোধ ও মানবাধিকার সুরক্ষা-সংক্রান্ত প্রস্তাবিত আইন বিশেষ গুরুত্ব পেতে পারে।

সম্পত্তি হস্তান্তর-সংক্রান্ত প্রস্তাবিত আইনের বিষয়ে নূরুল ইসলাম মনি বলেন, বাবা-মা জীবিত অবস্থায় সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ওই সম্পত্তির ভোগদখল ও ব্যবহারের অধিকার তারা জীবদ্দশায় বজায় রাখতে পারবেন। সম্পত্তি হস্তান্তরের পর বাবা-মায়ের প্রতি সন্তানের অবহেলা ঠেকাতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ সৌরবিদ্যুৎ ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগে আগ্রহী চীন

জুলাই সনদ ও সংবিধান সংশোধন

জুলাই সনদ ও সংবিধান সংশোধনের বিষয়ে চিফ হুইপ বলেন, জুলাই সনদের ধারাবাহিকতায় জনগণ নির্বাচনি ইশতেহার বিবেচনা করেই ভোট দিয়েছেন এবং সরকারের প্রতি আস্থা রেখেছেন। দেশের স্বার্থে প্রয়োজন হলে নতুন আইন প্রণয়ন এবং বিদ্যমান আইনে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।

তিনি বলেন, সংবিধানের একটি কমা, দাঁড়ি কিংবা সেমিকোলনের পরিবর্তনও সংবিধান সংস্কারের অংশ। জুলাই সনদে রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে যে অঙ্গীকারে স্বাক্ষর করেছে, তার প্রতিটি বিষয় যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।

সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠনের প্রস্তাব রয়েছে বলেও জানান তিনি। প্রস্তাবিত কমিটিতে বিএনপি থেকে সাতজন এবং জামায়াত থেকে পাঁচজন সদস্য রাখার কথা রয়েছে। পাশাপাশি অন্যান্য ছোট দল থেকেও একজন করে সদস্য রাখার প্রস্তাব রয়েছে। বিরোধী দল তাদের প্রতিনিধিদের নাম দিলে তাদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।

সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার

অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে প্রশাসন।

আরও পড়ুনঃ বস্তির বাসিন্দাদের আবাসনে চীনের কাছে ১০ হাজার কোটি টাকার প্রস্তাব

অধিবেশন চলাকালে সবাইকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে।

চিফ হুইপের প্রত্যাশা, তৃতীয় অধিবেশনের মাধ্যমে সংসদীয় কার্যক্রম আরও গতিশীল হবে। গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন, সংসদীয় কমিটির কার্যকারিতা বাড়ানো এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে জাতীয় সংসদ আরও কার্যকর ভূমিকা রাখবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।