ঢাকায় শুরু হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেবা কার্যক্রম

ঢাকায় শুরু হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেবা কার্যক্রম
ঢাকায় শুরু হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেবা কার্যক্রম

বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস। আগামী ২ সেপ্টেম্বর রাজধানীর বনানীতে এ কেন্দ্র চালু হবে।

নতুন কেন্দ্র চালুর পাশাপাশি সাধারণ ভিসা আবেদন এবং পাসপোর্ট সংগ্রহের পদ্ধতিতেও পরিবর্তন আনা হচ্ছে। দূতাবাসের তথ্য অনুযায়ী, কেন্দ্রটি চালু হওয়ার পর সাধারণ ভিসা ও পাসপোর্ট সংগ্রহসংক্রান্ত সব আবেদন কেবল ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমেই গ্রহণ ও প্রক্রিয়াজাত করা হবে।

তবে কূটনৈতিক ও অফিসিয়াল ভিসার ক্ষেত্রে বর্তমান ব্যবস্থা অপরিবর্তিত থাকবে। কূটনৈতিক নোটের ভিত্তিতে এসব ভিসার আবেদন গ্রহণ, পাসপোর্ট সংগ্রহ এবং ভিসা ইস্যুর কার্যক্রম সরাসরি দূতাবাস থেকেই সম্পন্ন করা হবে।

নতুন কোরিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ঠিকানা— ২ এফ, বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ার, প্লট-৮০, ব্লক-বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, ঢাকা-১২১৩।

দূতাবাস জানিয়েছে, নতুন কেন্দ্রে অনলাইন অ্যাপয়েন্টমেন্টের সুবিধা থাকবে। কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং কখন থেকে এ সুবিধা চালু হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য আগামী ২৭ আগস্ট আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এদিকে নোটারাইজেশন ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসংক্রান্ত সেবাগুলো আগের নিয়মেই দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকে দেওয়া হবে।

ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম শুরুর সময়, সেবার সময়সূচি, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের নিয়ম, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় নথিপত্র, ফি এবং কেন্দ্র পরিচালনার অন্যান্য বিষয় পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে বলে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ার ভিসা প্রত্যাশীদের নতুন আবেদন কেন্দ্রসংক্রান্ত পরবর্তী নির্দেশনা ও ঘোষণা নিয়মিত অনুসরণ করার পরামর্শ দিয়েছে দূতাবাস।

দূতাবাসের আশা, পৃথক ভিসা আবেদন কেন্দ্র চালু হলে আবেদনকারীদের ভোগান্তি কমবে এবং ভিসা সংক্রান্ত সেবায় আরও সহজ, সুশৃঙ্খল ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।