আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি॥ ঠাকুরগাঁওয়ে রাস্তায় ট্রাক থেকে টোল আদায়কে কেন্দ্র করে ট্রাক শ্রমিক ও মোটর মালিক সমিতির দ্বন্দ্বে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে মটর মালিক সমিতি।
বৃহস্পতিবার সকাল থেকে এ ধর্মঘট শুরু। পরিবহন ধর্মঘটের কারণে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।
জানা গেছে, চাঁদা আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মোটর মালিক ও ট্রাক শ্রমিক ইউনিয়নের মধ্যে বিরোধ চলে আসছে। আগে ঠাকুরগাঁও বাস টার্মিনালের সামনে থেকে যে চাঁদা আদায় করা হতো, সেই সব টাকা ট্রাক শ্রমিক, মোটর শ্রমিক ও মোটর মালিক ভাগাভাগি করে নিতেন। সম্প্রতি ট্রাক শ্রমিককে চাঁদার টাকা কম দেওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। বাস টার্মিনালে গাড়ির চাঁদা আদায় বন্ধ করে দেয়। পরে ট্রাক শ্রমিক ইউনিয়ন আলাদাভাবে শহরের জগন্নাথপুর এলাকায় ট্রাকের চাঁদা আদায় শুরু করে।
বুধবার সন্ধ্যা ৬টায় মোটর মালিক সমিতি বাস টার্মিনালের সামনে আবার চাঁদা আদায় শুরু করলে ট্র্রক শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে উঠে বিক্ষুব্ধ শ্রমিকরা মোটর মালিক সমিতির চাঁদা আদায়ের ঘর ভেঙে, অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।
আজম আলী নামে একযাত্রী জানান, দিনাজপুর যাওয়ার উদ্দেশ্যেই বাড়ি থেকে বের হয়ে বাসটার্মিনালে এসেছিলাম। কিন্তু এখানে এসে দেখি বাস চলছেনা। পরে শ্রমিকদের কাছ থেকে শুনলাম জেলায় নাকি পরিবহন ধর্মঘট চলছে। তাই বাস যাবেনা। তাই বাধ্য হয়ে বাড়িতে ফিরে যাচ্ছি।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল জানান, বিষয়টি সমাধানের জন্য মালিক-শ্রমিক সংগঠনগুলোকে আসতে বলা হয়েছে।


