টিলাগাঁওয়ে মধ্যযুগীয় কায়দায় সামাজিকভাবে বিচ্ছন্ন এক হিন্দু পরিবার

টিলাগাঁওয়ে মধ্যযুগীয় কায়দায় সামাজিকভাবে বিচ্ছন্ন এক হিন্দু পরিবার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁওয়ের গন্ডারগড় গ্রামে মধ্যযুগীয় কায়দায় একটি হিন্দু পরিবারকে এক ঘরে করে সামাজিকভাবে বিচ্ছন্ন রাখার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায় মিথ্যে কুৎসা রটিয়ে এলাকার রানা সেন, পিতাঃ জ্ঞানেন্দ্র সেন (খোকা) এর পরিবারকে প্রায় এক মাস ধরে স্থানীয় তথাকথিত সমাজপতিদের নির্দেশে সামাজিক বিচ্ছিন্ন বা এক ঘরে রেখে সামাজিক নিপীড়ন করা হচ্ছে। সামাজিক, ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানাদিতে তাদেরকে বঞ্চিত করা, সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখা সহ অভিযুক্তরা অভিযোগকারীকে নিজ বাড়ি থেকে বের হতে বাধ্য করেছেন বলেও অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
অভিযোগকারী রানা সেন জানান, বিগত কিছুদিন পূর্বে পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী একমাত্র শিশু সন্তান সহ পিত্রালয়ে চলে যান, পরে এর সমাধান হলে আবার নিজ স্বামীর গৃহে ফিরে আসেন। আর এতেই বাদ সাধেন সমাজের কিছু কুচক্রী সমাজপতিরা। ঐ গৃহবধূর নামে নানান কুৎসা রটিয়ে মধ্যযুগীয় বর্বর নিয়মে প্রায়শ্চিত করে মাথা মুন্ডন করা, সমাজপতিদের পা ধরে ক্ষমা চাওয়া সহ বিভিন্ন ফতোয়া জারি করেন অভিযুক্তরা। এতে রাজী না হওয়ায় তাদের উপর ক্ষিপ্ত হয়ে তাদের পরিবারকে ঐ তথাকথিত সমাজপতিরা সমাজ থেকে বিচ্ছিন্ন করে এক ঘরে করে রাখার নির্দেশ দেয় বলে জানান তিনি।
পরে রানা সেনকে সামাজিক নিপীড়নের মাধ্যমে নিজ বসত বাড়ি থেকে স্ত্রী সন্তান সহ বের হতেও বাধ্য করা হয় বলেও জানা গেছে। আর্থিকভাবে অসচ্ছল ভুক্তভোগীরা অন্য স্থানে একটি ভাড়া বাসায় থাকছে বলে জানায় তারা। এছাড়া সর্বশেষ গত ৬ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে স্থানীয় একটি মন্দিরে পূজায় যোগ দিতে গেলে রানা সেনের পিতা বৃদ্ধ জ্ঞানেন্দ্র সেনকে অভিযুক্তদের ইন্ধনে একদল লোক শারীরিক লাঞ্চিত করে মন্দির থেকে বের করে দেওয়ারও অভিযোগ করা হয়।
এ বিষয়ে অভিযোগকারী রানা সেন গত ১০ সেপ্টেম্বর  অভিযুক্ত নয় জনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। মৌলভীবাজার জজ কোর্টের আইনজীবী এডভোকেট প্রিতম দত্ত রানা সেনের পক্ষে এই লিগ্যাল নোটিশ প্রেরণ করেন।
অভিযুক্তরা হলেন, গন্ডার গ্রামের সিতাংশু দে (পিতাঃ যামিনী দে), অনিমেষ দত্ত (পিতাঃ নিখিল দত্ত), পার্শ্ববর্তী তাজপুর গ্রামের শ্রীকেন্দু দে (পিতাঃ নিবাস দে), মনোজ দত্ত (পিতাঃ বিনোদ দত্ত), মুকুল সেন (পিতাঃ দিগেন্দ্র সেন), দক্ষিণা দে (পিতাঃ দিগেন্দ্র দে), নিতাই দত্ত (পিতাঃ গোপাল দত্ত), খন্দখার গ্রামের চন্দন ধর (পিতাঃ নিরঞ্জন ধর) ও টিংকু ধর (পিতাঃ বিধান ধর।
এ বিষয়ে ১নং অভিযুক্ত সিতাংশু দের সাথে কথা বললে তিনি রানা সেনের স্ত্রীর বিরুদ্ধে নানান অভিযোগ করে তাকে সামাজিক ধর্মীয় নিয়ম মেনে ঘরে উঠার কথা বলেন, এক ঘরে করে রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি স্পষ্ট সদুত্তর না দিয়ে এড়িয়ে যান।
টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালিকের কাছে এ নিয়ে জানতে চাইলে তিনি বিষয়টি অবগত আছেন এবং বিশেষ কাজে ঢাকায় থাকার কারণে এলাকায় এসে ঘটনাটি খতিয়ে দেখবেন বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।