ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশজুড়ে হাজার হাজার মানুষ রোববার গান্ধী জয়ন্তীর আগে এক ঘণ্টার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছে। এ সময় ঝাড়ু-বেলচা হাতে ময়লা সাফ করতে দেখা গেছে তাকে। এসময় তার সঙ্গে ছিলেন দেশটির ফিটনের ইনফ্লুয়েন্সার অঙ্কিত বাইয়ানপুরিয়া। এ সময় ভারতবাসীর উদ্দেশে পরিষ্কারের জন্য এক ঘণ্টা সময় বরাদ্দ রাখার আহ্বান জানান। সেইসঙ্গে এই উদ্যোগকে তিনি মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীর প্রাক্কালে ‘স্বচ্ছাঞ্জলি’ বলে অভিহিত করেন।
প্রধানমন্ত্রী মোদি ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রীসহ আরও বেশ কয়েকজন বিজেপি নেতা দেশের বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আহমেদাবাদে এবং বিজেপি প্রধান জেপি নাড্ডা দিল্লিতে একই কর্মসূচি পালন করেছেন।
রাজনৈতিক দলের নেতা-কর্মী ছাড়াও মোদির এ আহ্বানে সাড়া দেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা ও তারকা ক্রিকেটার বিরাট কোহলি। তারা সাধারণ মানুষকে আহ্বান জানান, ‘এক তারিখ, এক ঘণ্টা ও এক সাথে’ যেন সবাই এই অভিযানে অংশ নেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে ভূমিকা রাখেন।
‘মান কি বাতের’ সাম্প্রতিক এক এপিসোডে মোদি দেশবাসীর প্রতি ১ অক্টোবর ‘স্বচ্ছতার জন্য স্বেচ্ছাশ্রম’ দেওয়ার আহ্বান জানান। তিনি ওই সময় আরও জানান, এই কাজটি করার মাধ্যমে মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীর প্রাক্কালে তার প্রতি ‘স্বেচ্ছাভক্তি’ প্রদর্শিত হবে।
ভিডিওতে দেখা যায়, দু’জনে একসঙ্গে একটি ঘেরা জায়গায় ময়লা পরিষ্কার করেন। টুইটে মোদি লেখেন, ‘যেহেতু গোটা দেশ স্বচ্ছতার উপরে জোর দিচ্ছে, তাই আমি এবং অঙ্কিত বাইয়াপুরিয়াও একই কাজ করলাম। পরিচ্ছন্নতার সঙ্গে আমরা স্বাস্থ্য এবং ভাল থাকা নিয়েও আলোচনা করেছি। এই সবই স্বচ্ছ এবং স্বাস্থ্য ভারতের প্রভাব।’




