ঝালকাঠি প্রতিবেদকঃ ঝালকাঠি শহরে একটি কালীমন্দিরে পূজার অনুষ্ঠান চলাকালে হামলা চালিয়েছে। স্থানীয় কিছু চাল ব্যবসায়ীরা দেবতা কার্তিকের প্রতিমা এ ভাঙচুর করেছে বলে জানা গেছে। হামলাকারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশ সদস্যসহ কমপক্ষে আটজন আহত হয়েছে। তাদের ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গতকাল বুধবার রাত ১১টার দিকে এ হামলা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মন্দির কমিটির সঙ্গে জমি নিয়ে স্থানীয় কয়েকজন চাল ব্যবসায়ীর বিরোধ চলছিল। চাল ব্যবসায়ীরা মন্দিরের জায়গায় ব্যবসা করছিল। মন্দির সম্প্রসারণের জন্য কর্তৃপক্ষ ব্যবসায়ীদের অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেয়। কিন্তু ব্যবসায়ীরা সরে যায়নি।
পরে মন্দির কমিটি সম্প্রতি টিন দিয়ে চারদিকে বেড়া দিয়ে দেয়। কিন্তু ব্যবসায়ীরা এর পরও মন্দিরের ভেতরে ব্যবসা চালাচ্ছিল। এই দ্বন্দ্বের মধ্যেই গত রাতে মন্দিরে কার্তিক পূজা চলছিল।
পূজার অনুষ্ঠানে প্রসাদ বিতরণকালে চাল ব্যবসায়ী হাকিম তালুকদার, দুলাল দেবনাথ, গোপাল দেবনাথ ও সমীর দেবনাথের নেতৃত্বে শতাধিক ব্যক্তি হিন্দু ধর্মাবলম্বীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে হামলাকারীরা লাঠিসোটা দিয়ে মন্দিরের কার্তিক প্রতিমা ভাঙচুর করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে হামলাকারীদের ধাওয়া করে। হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় এক পুলিশ সদস্যসহ কমপক্ষে আটজন আহত হয়।
কালীমন্দিরের সাধারণ সম্পাদক প্রণব কুমার নাথ ভানু বলেন, মন্দিরের পাশে চাল ব্যবসায়ীদের সঙ্গে বিরোধের জেরে এ হামলা হয়েছে।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রকিব বলেন, পুরো এলাকা এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। হামলাকারীরা পালিয়েছে।

