‘জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করেন। তিনি ক্ষমতা ধরে রাখতে সেনাবাহিনী, বিমানবাহিনীর সদস্যসহ হাজার হাজার রাজনৈতিক কর্মী এবং সাধারণ মানুষকে হত্যা করেছিলেন। বিএনপি ১৫ ও ২১ আগস্টসহ সব রাজনৈতিক হত্যাকাণ্ডে সঙ্গে জড়িত।’ বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সোমবার (১৫ মার্চ) সকালে তিনি নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, লোক দেখানো মুক্তিযুদ্ধের চেতনা বিএনপির কাছে স্বার্থ হাসিলের হাতিয়ার। তাঁরা (বিএনপি নেতৃবৃন্দ) মুখে গণতন্ত্রের কথা বললেও তাঁদের জন্ম হয়েছে মার্শাল’ল-এর আঁতুড়ঘরে। মিলিটারি ডিক্টেটর জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করেন। তিনি ক্ষমতা ধরে রাখতে সেনাবাহিনী, বিমানবাহিনীর সদস্যসহ হাজার হাজার রাজনৈতিক কর্মী এবং সাধারণ মানুষকে হত্যা করেছিলেন। বিএনপি ১৫ ও ২১ আগস্টসহ সব রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।’
বিএনপির শাসনামলে হাওয়া ভবনের দুর্নীতি আর দলীয় নেতাকর্মীদের নানা অপকর্মের কারণে দেশের অর্থনীতির মুখ থুবড়ে পড়েছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ সেই ক্ষত মুছে দেশকে এখন উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছে। বিএনপি কেবলমাত্র হাওয়া ভবনের টেকসই উন্নয়ন করেছিল৷ বর্তমানে আওয়ামী লীগ সরকার গোটা দেশের সামগ্রিক উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি কথায় কথায় মানবাধিকারের কথা বলে৷ তাদের প্রশ্ন করতে চাই শেখ রাসেল, অবলা নারী, মেহেদী রাঙা হাতে নববধূ কী অপরাধ করেছিলো? ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার যে রাষ্ট্রীয় ষড়যন্ত্র চালিয়ে ছিল, তখন মানবাধিকার কোথায় ছিল? বিএনপি আজ কোন মুখে গণতন্ত্রের কথা বলে?’




