স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ও সংক্রমণে সরকারী নির্দেশ অমান্য করে স্থানীয় প্রশাসনের নাকের ডগায় ঝিনাইদহের হরিণাকুন্ডুর ভবানীপুর পান হাট জমজমাট ভাবে চলছে।
প্রতিদিন সকালে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ভবানীপুরে এই পান হাট বসে। হাজার হাজার মানুষের সমাগম হয়ে থাকে এই পান হাটে। দীর্ঘদিন ধরেই ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশে এই পান হাট চলে আসছে। প্রতিদিন সকালে সপ্তাহে ৭ দিন এই পান হাট জমজমাট ভাবে বসেথাকে।
চুয়াডাঙ্গা, কুষ্টিয়াসহ বিভিন্ন জেলার ব্যবসায়ীরা পান কিনে বিক্রির জন্য ঢাকা, নারায়নগঞ্জ, ময়মনসিংহ ও সিলেট জেলায় যাওয়া আসা করছে। পান ক্রেতা ও বিক্রেতারা স্বাস্থ্য বিধি অমান্য করে চালাচ্ছে এই হাট। সামাজিক ও শারিরিক দুরত্ব বজায় রাখার বিষয়টি মানছেনা তারা। এতে করোনা ভাইরাস ও সংক্রমণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে।
এবিষয়ে সচেতন মহল বলেন, স্থানীয় প্রশাসনের অবহেলার কারনে এই ভাবে পান হাট বসছে। এব্যাপারে স্থানীয় প্রশাসনকে জোরালো ভুমিকা রাখতে হবে ও তৎপর হতে হবে।
তারা আরো বলেন, উপজেলার চাউলের বাজারে মনিটরিং তৎপরতা বৃদ্ধি করে চাউল বাজার দর নিয়ন্ত্রণে রাখতে হবে। দেশের মানুষের ক্লান্তিলগ্নে কিছু অসাধু ব্যবসায়ী চাউলসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি করে ফায়দা হাসিল করে যাচ্ছে। এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনাণুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরী প্রয়োজন।





