রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কেন জামিন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। জামিন চেয়ে চিন্ময়ের করা আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ সনাতনী পার্টির সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবি সুমন কুমার রায়।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য ও প্রবীর রঞ্জন হালদার। রাষ্ট্রপক্ষের শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ।
অ্যাডভোকেট সুমন কুমার রায় বলেন, ‘চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারির আজকে (মঙ্গলবার) হাইকোর্টে শুনানি হয়েছে। আমাদের আশা ছিল যে তিনি আজ জামিন পাবে। হয়তো রাষ্ট্রপক্ষের আইনজীবিদের প্রবল বিরোধীতার মুখোমুখি হয়ে শুনানি শেষে বিজ্ঞ আদালত দুই সপ্তাহের রুল জারি করেছে। দুই সপ্তাহের রুল জারি হয়েছে এটি আমাদের জন্য একটি পজেটিভ দিক। সরাসরি আদালত জামিন না মঞ্জুর করলে হয়তো আমাদের আরও বেশি সময় লাগতো। পরবর্তীতে আমরা আশা করি যে চিন্ময়ের জামিন হবে। এবং আমরা ন্যায় বিচার পাবো।’
আসামির আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, ‘চিন্ময়কে কেন জামিন দেওয়া হবে না- তা দুই সপ্তাহের মধ্যে সরকারকে জানাতে বলেছেন আদালত।’
এদিকে হাইকোর্ট গতকাল চিন্ময়কে জামিন না করিয়ে রুল জারি করাতে প্রতিক্রিয়া জানান বাংলাদেশ সম্মিলিত সনাতনী জোট। যার প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যেয় ঢাকেশ্বরী মন্দিরে এক সংবাদ সম্মেলনের ঘোষনা দেন সংগঠনটি।
প্রতিক্রিয়ার বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সংগঠনটির প্রতিনিধিরা জানান, ‘মুখপাত্র চিন্ময়কে অন্যায়ভাবে জেল হাজতে বন্দী রেখে সনাতনী হিন্দুদের চলমান অরাজনৈতিক আট দফা দাবিকে বানচাল করার নানামুখী প্রচেষ্টা চলছে। আমাদের সজাগ থাকতে হবে। আমাদের এই দাবি প্রাণের দাবি। অস্থিত্ব রক্ষার দাবি। অনান্যদেশে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়। কিন্তু এই দেশে যে সরকারই আসুক, আমাদের দাবিগুলো বরাবরই উপেক্ষা করেছে। আমাদের দাবি অধিকারের অংশবিশেষে আদায়ের জন্য আমরা পিছপা হবো না।’
উল্লেখ গত ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। এর কয়েক দিন পর গত ৩১ অক্টোবর তার বিরুদ্ধে ‘নিউ মার্কেটে জাতীয় পতাকা অবমাননা’র অভিযোগে বিএনপির বহিস্কৃত এক নেতা চট্টগ্রামের কোতোয়ালি থানায় ‘রাষ্ট্রদ্রোহ’ মামলা করেন। এ মামলায় চিন্ময়সহ আরও ১৮ জনকে আসামি করা হয়। গত ২২ নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয়। এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত ২৫ নভেম্বর রাজধানী ঢাকার বিমান বন্দর এলাকা থেকে আটক করা হয়। পরদিন গ্রেফতার দেখিয়ে চট্টগ্রাম আদালতে সোর্পদ করেন সিএমপি।
এসময় জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়।
এ সময় আইনজীবীর সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিঃসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন। এরপর থেকেই চট্টগ্রাম কারাগারে আছেন চিন্ময়। গত ২ জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন আবারো নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত। এরপর হাইকোর্টে জামিন আবেদন করেন চিন্ময় দাসের আইনজীবিরা। মামলাটি গতকাল ৭২ নম্বর সিরিয়ালে ছিল।



