রাজিব শর্মা, চট্টগ্রামঃ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সীমানা প্রাচীরের ভেতরে অবৈধভাবে পাকা দোকান নির্মাণ করেছে কর্মচারীদের সংগঠন স্টাফ কো–অপারেটিভ সোসাইটি। ২ নাম্বার ফটকের সীমানা প্রাচীরে অস্থায়ী ঝুঁপড়ি দোকান ভেঙে এই পাকা দোকান নির্মাণ করা হয়েছে।
বিনা টেন্ডারে পাকা স্থাপনা নির্মাণ, মাইক্রোবাসকে এম্বুলেন্স বানিয়ে ব্যবসা, মূলধন ভাঙাসহ নানা অনিয়মের মাধ্যমে কয়েকজন কর্মকর্তা এসব অনিয়মে জড়িত বলে অভিযোগ উঠেছে।
দেখা যায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২নং ফটকে সীমানা প্রাচীর এলাকায় স্টাফ কো–অপারেটিভ সোসাইটি এই পাকা দোকান নির্মাণ করেছে। ৩০ লক্ষাধিক টাকা ব্যয়ে তা নির্মাণ করা হয়েছে। অভিযোগ রয়েছে, সমিতির সদস্য ও অধিকাংশ কর্মকর্তাদের পাশ কাটিয়ে বিনা টেন্ডারে দোকান নির্মাণ করা হয়েছে। অস্থায়ী ভিত্তিতে ঝুঁপড়ি দোকান ভেঙ্গে স্থায়ী পাকা দোকান নির্মাণ করা হয়েছে।
সমিতির সভাপতি নৃপেন্দ্র কুমার সিংহ বলেন, মেডিকেলের পরিবেশ সৌন্দর্যের জন্য ঝুপড়ি দোকান ভেঙে পাকা দোকান নির্মাণ করা হয়েছে। তিনি দাবি করেন, কর্তৃপক্ষের অনুমতি নিয়ে স্থায়ী দোকান নির্মাণ করা হয়েছে।
কর্মচারীদের এই সংগঠন নীতি ও বিধি বহির্ভূতভাবে মাইক্রোবাসকে এম্বুলেন্সে পরিণত করে ব্যবসা করে আসছে।সাত লক্ষাধিক টাকায় পুরোনো মাইক্রোবাস কিনে এম্বুলেন্সে পরিণত করা হয়েছে। এম্বুলেন্সটি সমিতির নামে হলেওতা নিয়ন্ত্রণ করেন সভাপতি–সাধারণ সম্পাদকসহ চার কর্মকর্তা। আয়–ব্যয়সহ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন সমিতির একাধিক কর্মকর্তা।
এ বিষয়ে সমিতির সভাপতি নৃপেন্দ্র কুমার বলেন, এম্বুলেন্সটি কম ভাড়া চালানো হয়। অন্যদের মতো গলাকাটা ভাড়া আদায় করা হয় না।
সমিতির শীর্ষ কর্মকর্তারা নিয়ম বহির্ভূতভাবে এম্বুলেন্স ব্যবসা, টেন্ডারবিহীন দোকান নির্মাণ, দোকান, বিদ্যুৎ বিল,এম্বুলেন্সসহ সব ধরনের কেনাকাটা ও আয়–ব্যয়ে অনিয়ম–দুর্নীতির অভিযোগ তুলেছেন সাধারণ সদস্যরা। সদস্যদেরপাশ কাটিয়ে বা সভার অনুমতি না নিয়ে সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ন সম্পাদক ও কোষাধ্যক্ষসহ চার কর্মকর্তাএসব অনিয়মে জড়িত বলে অভিযোগ রয়েছে।
অথচ সমবায় আইন ও বিধিমালা অনুযায়ী সমিতির তহবিল থেকে কোনো কাজে টাকা বিনিয়োগ করতে হলে সাধারণ সভার অনুমোদন এবং নিবন্ধকের অনুমতি নেয়া বাধ্যতামূলক।দোকান নির্মাণ ও এম্বুলেন্স কেনাসহ বড় কেনাকাটায় এসব নিয়ম মানা হয়নি বলেও অভিযোগ একাধিক কর্মকর্তার।
সাবেক এক কর্মকর্তা জানান, সমিতির ওই চার কর্মকর্তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে তাদের হয়রানি ও বদলি করা হয়। ক্ষমতার অপব্যবহার করে চাকরির বদলে নানা বাণিজ্য ও রাজনীতি নিয়ে ব্যস্ত থাকেন। কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেও কোনো সুফল মিলে না। কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশে এসব অপকর্ম করে চলেছেন।
নিয়ম বহির্ভূতভাবে দোকান নির্মাণ, এম্বুলেন্সের নামে মাইক্রো কেনাসহ সমিতির কর্মকর্তাদের নানা অভিযোগ উঠেএসেছে। সমিতির নামে দোকান ভাড়া, দোকানদারদের থেকে বিদ্যুৎ বিল নেয়ার পরও সমিতি থেকে ব্যয় দেখানো, অভিষেক ও ক্যালেন্ডার ছাপানো দুর্নীতির মাধ্যমে লাভজনক সমিতিকে অলাভজনক সমিতিতে পরিণত করা হয়েছে।
সাবেক এক কর্মকর্তা বলেন, দোকানদারদের কাছ থেকে বিদ্যুৎ বিল আদায় করা হয়। কিন্তু তা কর্মকর্তাদের পকেটে ভরে সমিতি থেকে পরিশোধ দেখানো হয়েছে। এভাবে পদে পদে অনিয়ম করা হয়েছে।
সমিতির বার্ষিক আর্থিক প্রতিবেদনেও নানা অনিয়ম ও অসঙ্গতি দেখা যায়। গত অর্থ বছরে প্রায় ১২ লাখ ৩৮হাজার টাকা ক্ষতি দেখানো হয়েছে। সমিতির জমা (মূলধন) তছরুপ করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সমিতিরকয়েক কর্মকর্তা এসব অপকর্মে জড়িত রয়েছে বলে একাধিক সদস্য ও সাবেক কর্মকর্তারা দাবি করেছেন।
তবে ক্ষতিদেখানোর পরও ব্যবস্থাপনা কমিটির কার্যভাতা ও উৎসভাড়া গ্রহণ করেছে কর্মকর্তারা। অনুমোদিত বাজেট নাথাকায় কার্যভাতা ও উৎস ভাতা গ্রহণ করা সমিতির বিধিমালা–২০০৪ সালের ৩৭ ধারা লঙ্ঘিত হয়েছে বলে অডিট প্রতিবেদনে উঠে এসেছে।




