নির্বাচন কমিশন গণতন্ত্রের সিরিয়াল কিলার। এই সিরিয়াল কিলার নিরাপদে ঘুরে বেড়াবে এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। সিরিয়াল কিলারের একটা মাত্র অবস্থান, তাদের ক্ষমতা থেকে বিদায় করে বিচারের আওতায় আনা। বলেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবেরর সামনে ‘রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি বাতিলের দাবি পরিষদের’ এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
ডা. জাফরুল্লাহ বলেন, সংবিধান কোনো পুথি নয়। সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মগ্রন্থের মতো পবিত্র। এটা আমার অধিকার রক্ষা করে। কে আমার দেশ চালাবে সেটা নির্ণিত করার অধিকার, আমার ভোটের অধিকার। ভোটের মাধ্যমে এমন একটা সরকার আনতে হবে যে সরকার গণতন্ত্রের সুশাসন প্রতিষ্ঠা করবে।
নির্বাচন কমিশনার মাহবুবকে পদত্যাগের আহ্বান জানিয়য়ে তিনি বলেন, ওনার নির্বাচন কমিশনে থেকে লাভ কী? একটা উদাহরণ সৃষ্টির জন্য আমি মাহবুব তালুকদারকে আহ্বান করছি পদত্যাগ করেন। দেশবাসী বুঝবে একজন হলেও প্রতিবাদী কণ্ঠস্বর আছে।
তিনি বলেন, আমরা একবার রাস্তায় নেমে মানববন্ধন করে ভুলে যাই। আজ আমাদের সমবেতভাবে রাস্তায় নামতে হবে।



