আবার বন্যা না হলে ক্ষতি কাটিয়ে উঠা যাবে, খাদ্য উৎপাদনে প্রভাব পড়বে না -কৃষিমন্ত্রী

আবার বন্যা না হলে ক্ষতি কাটিয়ে উঠা যাবে, খাদ্য উৎপাদনে প্রভাব পড়বে না -কৃষিমন্ত্রী

কৃষি মন্ত্রণালয়সহ এর অধীন সকল দপ্তরসমূহ করোনা ঝুঁকির মধ্যেও অত্যন্ত সজাগ, সক্রিয় রয়েছে। যে কোন পরিস্থিতিতে আমরা কৃষকের পাশে থেকে বাংলাদেশের কৃষির উৎপাদন বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর। আমরা বন্যার ক্ষয়ক্ষতি মোকাবিলায় যেসব উদ্যোগ গ্রহণ করেছি, আবার বন্যা না হলে, ক্ষয়ক্ষতি বহুলাংশে কাটিয়ে উঠা যাবে এবং এই ক্ষয়ক্ষতি আমাদের খাদ্য উৎপাদনে তেমন প্রভাব পড়বে না বলে আশা করি।  বলেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

মন্ত্রী বুধবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে বন্যায় ফসলের ক্ষয়ক্ষতি ও তা মোকাবিলায় কৃষি মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপের বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এবারের বন্যায় ৩৭ জেলায় মোট এক হাজার ৩২৩ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। বন্যার পানিতে তলিয়ে যাওয়া ফসলি জমির পরিমাণ দুই লাখ ৫৭ হাজার হেক্টর, যার মধ্যে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ১ লাখ ৫৮ হাজার হেক্টর। ক্ষতিগ্রস্ত কৃষক ১২ লাখ ৭২ হাজার জন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ৩২ হাজার ২১৩ হেক্টর জমির আউশ ধান, ৭০ হাজার ৮২০ হেক্টর জমির আমন ধান এবং আট হাজার হেক্টর জমির আমন বীজতলা। টাকার হিসাবে ক্ষতি আউশ ধান ৩৩৪ কোটি, আমন ধান ৩৮০ কোটি, সবজি ২৩৫ কোটি এবং পাট ২১১ কোটি।

কৃষিমন্ত্রী বলেন,  বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ক্ষতি পুষিয়ে যেন আবার ঘুরে দাঁড়াতে পারে সেজন্য বিভিন্ন প্রণোদনার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে  ১৭ কোটি ৫৪ লাখ টাকার কৃষি উপকরণ  দুই লাখ ৩৯ হাজার ৬৩১ জন ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে। এর আওতায় স্বল্পমেয়াদী ও মধ্যমেয়াদী বিভিন্ন শাকসবজি চাষের জন্য প্রায় ১০ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে এক লাখ ৫২ হাজার কৃষককে বিভিন্ন প্রকার সবজিবীজ ইত্যাদি বিনামূল্যে বিতরণ করা হয়েছে। কমিউনিটি ভিত্তিক বীজতলার মাধ্যমে প্রায় দুই কোটি ১৫ লাখ টাকা, প্রায় ৭০ লাখ টাকার ভাসমান বেডে  এবং  ৬১ লাখ টাকা ব্যয়ে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপণের জন্য আমন ধানের চারা বীজতলা তৈরি ও বিনামূল্যে বিতরণ কাজ চলছে।

কৃষিসচিব মো. নাসিরুজ্জামান, অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ আরিফুর রহমান অপু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবদুল মুঈদ এসময় উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।