অল্প কিছুদিন আগেও যে মুকুল রায় ছিলেন পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা, এখন তিনি যেন নিজেকেই নিজে হাসি-ঠাট্টার পাত্র বানিয়ে ফেলেছেন। এর কারণ বারবার দল পরিবর্তন। ১২ দিন পর দিল্লি থেকে কলকাতা ফিরলেন মুকুল রায়।
শনিবার ২৯ এপ্রিল দুপুরের বিমানে দমদম বিমানবন্দরে অবতরণ করে তার বিমান। বিমানবন্দর থেকে বেরোতেই তার সফর নিয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি। কোনও বিজেপি নেতা কি তার সঙ্গে সাক্ষাৎ করেছেন? না কি শূন্য হাতেই ফিরতে হয়েছে তাকে? এমন প্রশ্নের জবাবে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক বলেন, ‘‘আমার সঙ্গে সবার দেখা হয়েছে। কেউ আমাকে এড়িয়ে যাননি।’’মুকুল এমন দাবি করলেও, রাজধানীর কারবারীদের একাংশের মতে, দিল্লি থেকে মুকুলকে ‘শূন্য হাতে’ই ফিরতে হয়েছে। উল্লেখ্য, ১৭ এপ্রিল আচমকাই দিল্লি যান মুকুল। সেখানে গিয়ে তিনি দাবি করেন, বিজেপি করতে চান তিনি। দিল্লিতে পা দিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নড্ডার সঙ্গে সাক্ষাৎ করার সময় চেয়েছিলেন মুকুল। কিন্তু রাজধানীর একটি সূত্র জানাচ্ছে, এই তিন নেতা তো নয়ই, বিজেপির কোনও প্রথম সারির নেতার সঙ্গে দেখা না করতে পেরেই কলকাতায় ফিরতে হয়েছে মুকুলকে। তবে বিমানবন্দরে মুকুল জানিয়েছেন, ‘‘বিজেপিতেই আছি, প্রয়োজনে আবার দিল্লি যাব।’’
ভারতের রাজনৈতিক মহল মুকুলের এই সফরকে নিষ্ফলা বললেও, তার এক দীর্ঘ দিনের অনুগামী তা মানতে নারাজ। তার কথায়, ‘‘১৭ তারিখে দিল্লি গিয়ে ১২ দিন দিল্লিতে ছিলেন মুকুলদা। এই সময়ে তিনি কী করেছেন, কার কার সঙ্গে সাক্ষাৎ করেছেন, কেউ জানে না। মুকুলদা চেয়েছেন বলেই কেউ জানতে পারেননি। তাই তার এই সফর যে নিষ্ফলা হয়েছে, তা এখনই বলার সময় আসেনি।’’




