নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মাটির খুঁড়ে গ্যাসের পাইপ লাইন ও একটি পাইপে দু’টি লিকেজ পেয়েছে তিতাসের তদন্ত কমিটি। নারায়ণগঞ্জের মসজিদে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় তিতাস ফতুল্লা অফিসের চার কর্মকর্তাসহ আটজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ সোমবার (সেপ্টেম্বর ৭) দায়িত্বে অবহেলার কারণে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি তাদের বরখাস্ত করে।
তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক আলী মো. আল মামুন বলেন, দুর্ঘটনা কবলিত ওই মসজিদটি ফতুল্লা আঞ্চলিক অফিসের অধীনে। দায়িত্বে অবহেলার কারণে ওই অফিসে ব্যবস্থাপক, উপ-ব্যবস্থাপক, দু’জন প্রকৌশলী ও জরুরি রেসপন্স টিমের চারজন স্টাফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় ৩৭ দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদের মধ্যে এ পর্যন্ত ২৭ জন মারা গেছেন। দগ্ধদের মধ্যে কেবল মামুন (৩০) নামে একজন ছাড়পত্র পেয়েছেন। বাকি ৯ জন এখনো শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সঙ্গে লড়ছে।
এ ঘটনায় গত শনিবার সকালে তিতাসের ঢাকা অফিসের ব্যবস্থাপনা পরিচালক (প্ল্যানিং) আবদুল ওয়াহাব তালুকদারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ৫ কর্মদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।




