প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর কার্যালয় এক কনফারেন্সের মাধ্যমে ঢাকাসহ সারা দেশে ওয়াজ, মাহফিল, তীর্থযাত্রাসহ সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সভা-সমাবেশ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তবে মসজিদ বন্ধের ব্যাপারে কোন নির্দেশ এখনো আসেনি।
আজ বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টায় মাঠ পর্যায়ের প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে সরকারের কেন্দ্রীয় প্রশাসন এ নির্দেশনা দেয়। করোনাভাইরাস থেকে উদ্ভূত পরিস্থিত মোকাবেলায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ কনফারেন্সের আয়োজন করা হয়।
কনফারেন্সে মাঠ পর্যায়ের প্রশাসনকে নির্দেশ দিয়ে বলা হয়, সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ। ধর্মীয় বা অন্য যে কোনো ধরনের জমায়েত বন্ধ। এটা কঠোরভাবে নিশ্চিত করতে হবে। যে কোনোভাবে সব ধরনের সমাবেশ বা জমায়েত বন্ধ রাখতে হবে।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউসের নেতৃত্বে এই ভিডিও কনফারেন্স করা হচ্ছে।
এছাড়া ভিডিও কনফারেন্সে যুক্ত আছেন সচিবালয়ের কেবিনেট ডিভিশন থেকে মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা মনে করেন যদি দেশের পরিস্থিতি আরো জটিল হয় তাহলে এর থেকে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, সরকারি হিসাবে করোনাভাইরাসে এখন পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত হয়েছেন ১৭ জন এবং মারা গেছেন একজন।



