ইথিওপিয়ার আদ্দিস আবাবার কাছে রবিবার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় জাতিসংঘের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠনের অন্তত ১৯ কর্মী নিহত হয়েছেন। জাতিসংঘ অভিবাসন সংস্থার প্রধান একথা জানান।
ইথিওপিয়ান এয়ারলাইন্স জানিয়েছে, বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮০০ বিমানটিতে ১৪৯ জন যাত্রী ও ৮ জন ক্রু ছিলেন। যাদের কেউই বেঁচে নেই।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রধান অ্যান্টোনিও ভিটোরিনো বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে যে এই দুর্ঘটনায় জাতিসংঘের সাথে যুক্ত এমন বিভিন্ন সংগঠনের ১৯ কর্মী নিহত হয়েছেন।’
তিনি বলেন, মর্মান্তিক এই দুর্ঘটনায় আইওএম ছাড়াও বিশ্ব খাদ্য কর্মসূচি, জাতিসংঘ শরণার্থী সংস্থা, বিশ্বব্যাংক, জাতিসংঘ পরিবেশ সংস্থা ও অন্যান্য সংস্থার সহকর্মীরা প্রাণ হারিয়েছেন।
ওই বিমানে আইওএম স্টাফদের মধ্যে এ্যানে ফিগল ছিলেন। তিনি সুদানে সংস্থাটির মিশনে কাজ করতেন।