আল-কায়েদা থেকে মুক্তি পেয়ে প্রধানমন্ত্রীর নিকট সেনা কর্মকর্তার কৃতজ্ঞতা প্রকাশ। ইয়েমেনে সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার হাতে অপহরণের শিকার ও বন্দিদশা থেকে উদ্ধার করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতিসংঘের কর্মকর্তা বাংলাদেশি নাগরিক লেফটেন্যান্ট কর্নেল (অব.) এ কে এম সুফিউল আনাম।
আজ বৃহস্পতিবার(১০ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সপরিবারে সাক্ষাৎ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এসময় সশস্ত্রবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়ের ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আল-কায়েদার হাতে ১৮ মাস বন্দি থাকা সুফিউল আনামকে প্রধানমন্ত্রীর নির্দেশে এনএসআই উদ্ধার করে। ৯ আগস্ট বুধবার বিকেলে দেশে ফিরেন তিনি।


