আমাদের একটা শক্তিশালী প্রতিপক্ষ আছে। তাদের চক্রান্ত অনবরত চলছে। ৮১ সাল থেকে আমি বাংলাদেশে পা দেয়ার পর থেকেই একের পর এক যে ঘটনাগুলি ঘটেছে, তার পেছনে তারা রয়েছে। শত বাধা-ষড়যন্ত্র মোকাবেলা করেই ক্ষমতায় আসতে হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলেই আজ আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত দেশ।
আজ যত অর্জন তা জনগণের দান, সুযোগ দিয়েছে বলে আজ এতো সাফল্য পেয়েছি বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৩তম অধিবেশনে যোগদান শেষে আজ সোমবার সকালে দেশে ফিরে গণভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রোহিঙ্গাদের আশ্রয়দানে মানবিক ও দায়িত্বশীল নীতির জন্য নেতৃত্বের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ এবং ২০১৮ স্পেশাল ডিস্টিংকশন অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট’ পাওয়ায় প্রধানমন্ত্রীকে গণভবনে সংবর্ধনা দেয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ৭৫’ এ বঙ্গবন্ধুকে হত্যার পর পিছিয়ে যাওয়া বাংলাদেশের সম্মান আজ ফিরে পেয়েছে। প্রধানমন্ত্রী বলেন, মনে রাখতে হবে ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। আত্মতুষ্টিতে থাকা যাবে না। আত্মতুষ্টি মানেই পতন। প্রতিপক্ষকে শক্তিশালী ভেবে নেতাকর্মীদের সর্তক থাকতে হবে।
শেখ হাসিনা বলেন, জনগণের সমর্থন আছে বলেই এক ষড়যন্ত্র মোকাবেলা করে টানা দুই মেয়াদে দেশের মর্যাদাপূর্ণ সব অর্জন সম্ভব হয়েছে। তিনি বলেন, দলের সাফল্য সব জায়গায় তুলে ধরতে হবে। ভোটের অধিকার কেবল আওয়ামী লীগই প্রতিষ্ঠা করতে পেরেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে সপ্তাহব্যাপী সরকারি সফর শেষে আজ সকালে নিউইয়র্ক থেকে লন্ডন হয়ে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩ তম অধিবেশনে যোগদান করতে প্রধানমন্ত্রী গত ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।



