অবৈধ পথে ভারত থেকে ফেরার সময় বেনাপোল সীমান্তে শিশুসহ ৩৬ বাংলাদেশি নারী পুরুষ আটক

বেনাপোল প্রতিনিধি: ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে প্রবেশের সময়  শুক্রবার সকালে পৃথক পৃথক অভিযান চালিয়ে বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ৬ শিশুসহ ৩৬ নারী, পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটককৃতরা ভারতের মুম্বাই শহরে বিভিন্ন বাসা বাড়িতে শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে।

আটকের মধ্যে ২৩ পুরুষ,৭ নারী ও ৬ শিশু রয়েছে। এদের বাড়ি খুলনা, ফরিদপুর, বাগেরহাট ও নড়াইল জেলার বিভিন্ন অঞ্চলে। এরা ভালো কাজের সন্ধানে সীমান্ত পথে অবৈধ ভাবে দালালের মাধ্যমে ভারতে যায়। পরবর্তীতে সেখান থেকে আবার ফেরার সময় বিজিবি তাদের আটক করে।

২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের বিজিবির নায়েব সুবেদার আব্দুস ছাত্তার জানান, ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পার হয়ে একদল নারী-পুরুষ ও শিশু বাংলাদেশে প্রবেশ করছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা দৌলতপুর সীমান্তের ভারতীয় ইছামতি নদীর পাড় থেকে পৃথক পৃথক ভাবে শিশুসহ ৩৬ জন বাংলাদেশি নারী পুরুষকে আটক করা হয়। আটকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক মনির হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।