স্টাফ রিপোর্টার: পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, ২০০৯ সালে ক্ষমতায় আসার পর শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ইতিমধ্যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করেছিল। এছাড়াও গাইবান্ধায় ২৫০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।
একনেকে অনুমোদন পাওয়ার পর জেলা প্রশাসকের মাধ্যমে ৫০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের রক্ষণাবেক্ষণের জন্য এ অর্থ বরাদ্দ করা হবে। শুক্রবার গাইবান্ধা জেলার ফুলছুড়ি উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কালে তিনি এসব কথা বলেন। গাইবান্ধা জেলা প্রশাসক রোখসানা বেগমের সভাপতিত্বে বন্যার্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, ত্রাণ ও দূর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, হুইপ মাহবুব আরা গিনি এমপি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল, আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক সুজিত রায় নন্দী প্রমূখ। এর আগে জেলা ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা যোগ দেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল দূর্যোগ-দূর্বিপাকে এদেশের মানুষের পাশে আছেন। তিনি বন্যা কবলিত মানুষদের নিয়মিত খোঁজখবর রাখছেন। বর্তমান সরকার বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ মজুদ রেখেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সবার ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেয়া হবে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। মানবতার মা শেখ হাসিনা ক্ষমতায় থাকতে একজন মানুষও না খেয়ে কষ্ট করবে না, মারা যাবে না।
এরপর তিনি জামালপুর জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় বন্যার্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ এবং ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দেন।




