২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে সমন্বিত ভর্তি প্রক্রিয়া শুরু

আজ থেকে শুরু হয়েছে ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি প্রক্রিয়া। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে একযোগে এই কার্যক্রম চলবে। ভর্তির আবেদনপত্র ১২ মে থেকে ২৩ মে ২০১৯ পর্যন্ত সাবমিট করা যাবে। ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রমের সময়সূচি, ভর্তি নির্দেশিকা, আবেদনের নিয়মাবলী এবং ফলাফল www.xiclassadmission.gov.bd এবং স্ব স্ব বোর্ডের ওয়েবসাইট থেকে জানা যাবে।

আজ ঢাকা শিক্ষা বোর্ড মিলনায়তনে এ অনলাইন ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

এ সময় তিনি বলেন, ‘একাদশ শ্রেণির মতো বিশ্ববিদ্যালয় পর্যায়ে সমন্বিত ভর্তি পদ্ধতি চালু করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। খুব শীঘ্রই এর বাস্তবায়ন হবে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন একটি প্রস্তাবনা তৈরি করেছে। এই প্রস্তাবনা নিয়ে বিশ্ববিদ্যালয়সমূহের সাথে আলোচনা করা হবে।’

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা হয়রানির শিকার হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে তাদের সারা দেশে বিভিন্ন জায়গায় যেতে হয় এবং তাদের আর্থিক ও সময়ের অপচয় হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মোঃ মাহমুদুল হক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মোঃ গোলাম ফারুক এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ জিয়াউল হক।

২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদনের ক্ষেত্রে একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজের পছন্দক্রম দিতে পারবে। ইন্টারনেটের মাধ্যমে আবেদনের জন্য টেলিটক, বিকাশ, শিওরক্যাশ ও গ্রামীণফোনের মাধ্যমে ১৫০ টাকা প্রদান করতে হবে। ভর্তি কার্যক্রম শেষ হবে ৩০ জুন ২০১৯ এবং ১লা জুলাই ২০১৯ থেকে ক্লাস শুরু হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।