গার্মেন্ট শ্রমিকদের চলমান মজুরি বৃদ্ধির আন্দোলনে কেন্দ্রিয় কর্মসূচী হিসেবে আজ ১৬ মার্চ ২০১৮, শুক্রবার, বিকেল ৪টায় মালিবাগ রেলগেট থেকে মধ্য বাড্ডা লুৎফুন টাওয়ার পর্যন্ত পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র ঘোষিত সকল শিল্পাঞ্চলে পদযাত্রা কর্মসূচী আজ থেকে শুরু হয়েছে।
মালিবাগ সুপার মার্কেটের সামনে পদযাত্রা পূর্ব সমাবেশে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে শ্রমিকদের নিম্নতম মূল মজুরি ১০ হাজার টাকা, মোট মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণ করা এবং সোয়েটারের পিসরেটসহ সকল গ্রেডে শ্রমিকের একই হারে মজুরি বৃদ্ধি করতে হবে।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মজুরি বোর্ডের কার্যক্রম বিলম্ব হচ্ছে। নতুন মজুরি বোর্ড ঘোষিত হওয়ার দুই মাসের বেশী অতিক্রান্ত হলেও গেজেট প্রকাশে বিলম্ব এবং এখন পর্যন্ত কোন সভা অনুষ্ঠিত না হওয়ায় আইন অনুসারে ছয় মাসের মধ্যে বোর্ডের কার্যক্রম সম্পন্ন করার বিষয়টি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নেতৃবৃন্দ একই সাথে শ্রমিক ও গার্মেন্ট টিইউসি নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং কারাবন্দী আশিয়ানা গার্মেন্ট কারখানার শ্রমিক রাসেল ও মুন্নার মুক্তি দাবি করেন। সমাবেশ থেকে কারখানাটিতে ট্রেড ইউনিয়ন গঠন করার কাজে নেতৃত্ব দেয়ায় বরখাস্ত ২৬ শ্রমিককের বরখাস্ত আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়। সমাবেশ শেষে বিপুল সংখ্যক শ্রমিক পদযাত্রায় অংশ নেয়।
গার্মেন্ট টিইউসি’র বাড্ডা-রামপুরা-খিলগাঁও আঞ্চলিক কমিটির সভাপতি শ্রমিকনেতা দিদারুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শ্রমিকনেতা হাবিব রিফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত পদযাত্রা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, গার্মেন্ট টিইউসি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শ্রমিকনেতা মঞ্জুর মঈন, বাংলাদেশ বিপ্লবী সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের দপ্তর সম্পাদক শ্রমিকনেতা হযরত আলী, বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি আবুল হাশেম কবির, গার্মেন্ট শ্রমিক নেতা শিল্পী আক্তার, নাজমুল ইসলাম, আবু বকর সিদ্দীক, জাহাঙ্গীর আলম, যুবনেতা জাহিদ নগর, ছাত্রনেতা বিল্লাল হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গার্মেন্ট শ্রমিকরা ইতোপূর্বে ২০১৬ সালে মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় যখন আন্দোলন শুরু করেছিল, সেই আন্দোলন নিষ্ঠুর কায়দায় দমন করা হয়েছিল। বহু বিলম্বে মজুরি বোর্ড গঠিত হয়েছে, কিন্তু বোর্ডের কার্যক্রম কবে শুরু হবে তা এখনো অনিশ্চিত। দুই মাসের অধিক সময়েও কোন সভা অনুষ্ঠিত হয়নি। সরকারের দায়িত্বশীল কেউ কেউ মন্তব্য করেছেন এ বছরের শেষে অথবা আগামী বছর নতুন মজুরি কার্যকর হবে। দ্রব্যমুল্যের সীমাহীন উর্ধ্বগতির ফলে মজুরি বৃদ্ধি যত বিলম্বিত হবে শ্রমিকরা তত বেশী ক্ষতিগ্রস্থ হবে। নেতৃবৃন্দ তাই অবিলম্বে মজুরি বোর্ডের কার্যক্রম শুরু করে দ্রুত নিম্নতম মোট মজুরি ১৬ হাজার টাকাসহ নতুন মজুরি হার ঘোষণার দাবি জানান ।
সমাবেশ থেকে অবাধ ট্রেড ইউনিয়ন এবং শিল্পে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সাথে হামলা-মামলা-নির্যাতন বন্ধ করে আলোচনার পথে সকল শিল্প বিরোধ নিষ্পত্তির দাবি জানান নেতৃবৃন্দ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গার্মেন্ট শিল্পে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার হরণের পাশাপাশি বর্তমানে আলোচনার মাধ্যমে শিল্প বিরোধ নিষ্পত্তির পথকে ক্রমেই সঙ্কুচিত করা হচ্ছে। যার সর্বশেষ দৃষ্টান্ত আশিয়ানা গার্মেন্টের শ্রমিকদের বিজিএমইএ ভবনে আলোচনায় ডেকে আলোচনা না করে তাদের ওপর হামলা করার ঘটনা। সে ঘটনায় গার্মেন্ট টিইউসি’র শীর্ষ নেতৃবৃন্দের নামে বিজিএমইএ মিথ্যা মামলা দায়ের করে। সেই মামলায় আশিয়ানা গার্মেন্টের দুইজন শ্রমিক প্রায় দুই মাস কারাবন্দী, সাতবার জামিন আবেদন করেও তাদের জামিন মঞ্জুর হয়নি। ইউনিয়নের ২৬ জন নেতৃস্থানীয় শ্রমিক কে বরখাস্ত করে রাখা হয়েছে। নেতৃবৃন্দ বলেন, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব না হলে উন্নত এবং টেকসই শিল্প গড়ে তোলা সম্ভব হবে না।
দ্রুত মজুরি বৃদ্ধির দাবিতে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আগামী ১৯ মার্চ ২০১৮, সকাল ১১টা থেকে তোপখানা রোডে অবস্থিত নিম্নতম মজুরি বোর্ড কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করবে। আগামী ২৩ মার্চ ২০১৮, বিকেল ৪টায় নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে টাগার পাড় এলাকায়, ৩০ মার্চ ২০১৮, সকাল ৯ টায় গাজীপুরের টঙ্গী বাজার থেকে চৌরাস্তা, একই দিন বিকাল ৪টায় আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম থেকে বাইপাইল এবং ৬ এপ্রিল ২০১৮, বিকেল ৪টায় উত্তরার উত্তরখান মাজার থেকে দক্ষিণখান চালাবন হয়ে আজমপুর পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে। আগামী ২৬ মার্চ ২০১৮, বিকেল ৪টায় তেজগাঁও নাখালপাড়া শহীদ মিনার, ময়মনসিংহের ত্রিশালে রায়মণি আনোয়ারা স্কুল মাঠে, নরসিংদীর কেন্দ্রীয় শহীদ মিনারে, ৩০ মার্চ ২০১৮, বিকাল ৪ টায় চট্টগ্রামের সাগরিকা রোডে বিটাক চত্তরে এবং ৬ এপ্রিল ২০১৮, বিকাল ৪টায় কুমিল্লার কান্দিরপার পূবালী চত্তরে সমাবেশ অনুষ্ঠিত হবে।



