বিশেষ প্রতিবেদকঃ ফেসবুকে তথাকথিত ধর্ম অবমাননার অযুহাতে ব্রাহ্মণবাড়ীয়ার নাসির নগরের ঘটনার পূনরাবৃত্তি রংপুরের ঠাকুরপাড়ায় ঘটলো বর্তমান সরকারের সময় গত দশ বছরে সাড়া দেশে হিন্দু নির্যাতনের ঘটনা মধ্যযুগের বর্বরতাকেও হার মানিয়েছে। বললেন বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
আজ ১৩ই নভেম্বর সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্প্রসারিত মিলনায়তনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মহাজোটের মহাসচিব বলেন, চট্টগ্রামের হাটহাজারী, কক্সবাজারের রামু, ব্রাহ্মণবাড়ীয়ার নাসির নগর সহ সারা দেশে বিভিন্ন স্থানে হিন্দুদের উপর আক্রমন, অগ্নিসংযোগ, লুঠপাটের ঘটনা অথচ সরকার এসব নিরসনে কোন কার্যকরী ভূমিকা রাখেন নাই।
তিনি বলেন, সরকার মঠ মন্দির প্রতিমা ভাংচুর ও বাড়ীঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগকারীদেরকে চিহ্নিত ও গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। হিন্দু নির্যাতনের অপরাধীদের আজ পর্যন্ত কারো কোন শাস্তি হয় নাই। ফলে অপরাধীরা অপরাধ করতে আরও উৎসাহিত হচ্ছে। যার কারনেই বারবার একেরপর এক হামলার ঘটনা ঘটছে।
দেশে মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছে; অপরাধীরা শান্তিও পেয়েছে। কিন্তু সেই বিচার চলাকালে দেশে ব্যপকভাবে হিন্দু বাড়ীঘরে মঠ মন্দিরে হামলা হয়েছে, লুঠ-পাঠ অগ্নি সংযোগ, খুন, দেশ ত্যাগে বাধ্যকরণ, ধর্ষন হয়েছে; কিন্তু কারো কোন বিচার হয় নাই বা শাস্তি বিধানও করা হয় নাই।
নাসির নগর, রামু, হাটহাজারী সহ দেশের বিভিন্ন স্থানে শত শত হিন্দু বাড়ীঘরে হামলা, অগ্নি সংযোগ, বাড়ীঘর দোকানপাট লুঠপাট ভাঙচুর ও বিভিন্ন স্থানে শিক্ষকদের লাঞ্চিত, চাকুরীচ্যুত করা হয়েছে।
তিনি আরো বলেন, নারায়নগঞ্জের শিক্ষক শ্যামল রায় সহ সকল ঘটনাই পরিকল্পিত ও মিথ্যা প্রমাণিত হওয়া সত্বেও কারো কোন শাস্তি বিধান করা হয় নাই। সেকারনে হিন্দু সম্প্রদায় এখনো আতঙ্কগ্রস্থ। ফলে প্রতিদিনই নিরবে আতঙ্কিত হিন্দু সম্প্রদায় দেশ ত্যাগ করছে। পরিসংখ্যান বলে দেয় এই অবস্থা চলতে থাকলে আগামী ২০ বছরের মধ্যে এদেশ হিন্দু শুন্য হবে।
গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, আমরা দেখতে পাচ্ছি প্রতিটি ঘটনাই পরিকল্পিত। নাসিরনগর এর রসরাজ নির্দোষ প্রমাণিত হয়েছে। রংপুরের টিটু রায় নিরক্ষর এবং এলাকায় ৭ বছর যাবৎ থাকে না। একাধিক নিউজ এজেন্সীর মাধ্যমে আমরা দেখতে পেয়েছি টিটু রায়কেও পরিকল্পিতভাবে ভিক্টিমাইজ করে হিন্দুবাড়ী ঘরে হামলা ও অগ্নি সংযোগ হয়েছে। অথচ মুল স্টাটাস দাতা খুলনার মাওলানা হামিদী। সেটি শেয়ার হয় ৮৭ বার। অথচ তাকে এবং শেয়ার, লাইককারীদের গ্রেফতার না করে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিরিহ টিটু রায়কে গ্রেফতারের আদেশ দিয়েছেন। পুলিশ নিরিহ টিটুরায়কে খুজছে। আমরা নিরিহ টিটু রায়কে হয়রানী না করতে সরকারকে আহ্বান জানাচ্ছি। একই সংগে চট্টগ্রামের হাটহাজারী, কক্সবাজারের রামু, ব্রাহ্মনবাড়ীয়ার নাসির নগর এবং রংপুরের ঠাকুরপাড়ায় হামলাকারী, অগ্নি সংযোগ ও ভাংচুরকারী এবং উষ্কানী দাতারদের চিহ্নিত করে এই অপরাধগুলিকে মানবতা বিরোধী অপরাধ ট্রাইবুনালে বিচার করে ফাঁসীকাষ্ঠে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর ঘোষণার দাবী জানাচ্ছি। তা না হলে এধরনের ঘটনা বার বার ঘটতেই থাকবে।
প্রতিটি ঘটনার সাথেই সরকারী দলের নেতা কর্মিদের যুক্ত থাকার প্রমান থাকা সত্বেও ঘটনাটিকে সরকার বিরোধী পক্ষের ঘাড়ে দোষ চাপিয়ে দায় এড়িয়ে যাচ্ছে। ফলে অপরাধীরা বারবারই রেহাই পেয়ে যাচ্ছে। একই কারনে প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের সামনে বিশ্বজিতের হত্যাকারীরা খালাস পেয়ে যাচ্ছে। চট্টগ্রামের হাটহাজারীর ঘটনায় পুলিশ ফাইনাল রিপোর্ট দিয়ে দিয়েছে, যেন কোন ঘটনাই ঘটে নাই। নাসিরনগর হামলার আসামীরা ছাড়া পেয়ে গেছে। অথচ রসরাজ নির্দোষ প্রমাণিত হওয়ার পরও তিনি খালাস পান নাই। বিচারবিভাগ স্বাধীন বলাহলেও আমাদের চীফ জাস্টিসকে যেভাবে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, তা ইতিহাসে নজিরবিহিন। আমরা এঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি।
তিনি বলেন, সাড়া দেশে যে হারে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ চলছে তাতে হিন্দু সম্প্রদায় উদ্বিগ্ন না হয়ে পারে না। এদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে বৃটিশ পার্লামেন্টে এবং আমেরিকার কংগ্রেসে শুনানী এবং প্রস্তাব পাশ হলেও লজ্জার বিষয় এদেশের হিন্দু সম্প্রদায় জীবনের ঝুকি নিয়ে যাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠায়; তারা আজ পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন নিপিড়নের বিষয় নিয়ে সংসদে কোন কথা বলে নাই। সরকার হিন্দু সম্প্রদায়ের জীবন ও সম্পদ রক্ষায় কোন কার্যকর ভূমিকা রাখেন নাই। যেহেতু সরকারী দল ও বিরোধী দল এদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য জাতীয় সংসদে কোন কার্যকর ভূমিকা
রাখেন নাই, সেকারনে এদেশের সংখ্যলঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য এবং এদেশে হিন্দু সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষার জন্য জাতীয় সংসদে ৬০ টি সংরক্ষিত ও পৃথক নির্বাচন ব্যবস্থা বাস্তবায়ন করা ছাড়া অন্য কোন উপায় নেই।
হিন্দু সম্প্রদায় মনে করে প্রকৃত অপরাধীদের শাস্তি না হওয়ায়, জাতীয় সংসদে হিন্দু সম্প্রদায়ের কোন প্রতিনিধিত্ব না থাকার কারনে এবং রাজনৈতিক এবং ধর্মীয় কারনেই হিন্দু সম্প্রদায় বার বার আক্রান্ত হচ্ছে। আর তাই হিন্দু সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষা ও গণতন্ত্রের স্বার্থে জাতীয় সংসদে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করেতে হবে। আর সেকারনেই আপনাদের মাধ্যমে সরকারের কাছে হিন্দু সম্প্রদায় দাবী করছে।
১। আগামী ১৬ নভেম্বরের মধ্যে চট্টগ্রামের হাট হাজারী, কক্সবাজারের রামু, ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগর ও রংপুরের ঠাকুরপাড়ায় হামলাকারী ও অগ্নিসংযোগকারীদের মানবতা বিরোধী অপরাধ ট্রাইবুনালে বিচারের ঘোষনা দিতে হবে।
২। হিন্দু নির্যাতনের হাতিয়ার তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল করতে হবে।
৩। জাতীয় সংসদ নির্বাচন চলাকালে ও নির্বাচন পরবর্তী হিন্দু সম্প্রদায়ের উপর সহিংসতা ও নির্যাতন নিরোধ কল্পে এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতীয় সংসদে ৬০টি সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পূণঃ প্রতিষ্ঠা করতে হবে।
৪। একটি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং সংখ্যালঘু সম্প্রদায় থেকে একজনকে পূর্ণ মন্ত্রী নিয়োগ করতে হবে।
আগামী ১৬ নভেম্বর ২০১৭ এর মধ্যে সরকারকে দাবী বাস্তবায়নের সুস্পষ্ট ঘোষণা দিতে হবে অন্যথায় হিন্দু সম্প্রদায় সারা দেশের প্রত্যেক জেলা ও উপজেলা সদরে মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন পূর্বক পরবর্তী কর্মসূচী ঘোষণা করবে।




