স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার কোনও বিকল্প নাই। এর অর্থ হলো তাদের স্ব স্ব প্রতিষ্ঠান থেকে আয়ের উৎস সৃষ্টি করা। আয় অর্জনের মাধ্যমে এলাকার সার্বিক সমস্যা সমাধানের জন্য স্থানীয়ভাবে তাদের নিজস্ব ব্যয় নির্বাহ করার ব্যবস্থা রয়েছে। বললেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
মন্ত্রী ১২ এপ্রিল কুষ্টিয়া পৌরসভার দেড়শো বছর পূর্তি উপলক্ষে ১৬ দিনব্যাপী অনুষ্ঠানের ১২তম দিনে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, দেশে পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। এসব প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হলে যদি তাদের আয়ের উৎস বৃদ্ধি করা না হয়, তাদের স্বাবলম্বী করা না হয় তাহলে সে সমস্ত প্রতিষ্ঠান শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে না। এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে সরকার স্থানীয় যে সমস্ত পৌরসভাগুলো আছে বেশিরভাগই তাদের নিজস্ব ব্যয় নিজেরা নির্বাহ করতে পারছেন। উন্নয়ন ব্যয়ের ক্ষেত্রে অন্যান্য দেশ নিজেরা করে থাকলেও বাংলাদেশে উন্নয়ন ব্যয়ের বড় একটি অংশ সরকার সহযোগিতা করে থাকে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।



