জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি স্থগিত করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার দিবাগত রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে জাতি আজ শোকে মূহ্যমান। ছাত্রলীগের অগ্রজ সৈয়দ আশরাফুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোল দলীয় পতাকা উত্তোলন পরবর্তী সকল কর্মসূচি স্থগিত করা হলো।
এতে আরও বলা হয়, সৈয়দ আশরাফুল ইসলামের মাগফেরাত কামনা করে শুক্রবার বাদ জুমা সব সাংগঠনিক ইউনিটকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করার নির্দেশ দেয়া হলো। ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর পরবর্তী কর্মসূচি পরে জানানো হবে। প্রসঙ্গত, ৪ জানুয়ারি ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে নানা কর্মসূচি আয়োজন করেছিল ছাত্রসংগঠনটি। বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় থাইল্যান্ডের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ আশরাফুল ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন।




