সিলেটে স্যানসিটাইজেশন সভা অনুষ্ঠিত

সিলেটে স্যানসিটাইজেশন সভা অনুষ্ঠিত
সিলেটে জেলা তথ্য অফিসের উদ্যোগে জৈন্তাপুর উপজেলায় বন্যা পরবর্তী করণীয় বিষয়ক স্যানসিটাইজেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে স্বাস্থ্য সুরক্ষা ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া। সভায় আরো  বক্তব্য প্রদান করেন স্বাস্থ্য পরিদর্শক করুনা কান্ত দেব, সহকারী শিক্ষক এনামুল ইসলাম ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি যাদব বিশ্বাস। স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসান।
প্রতিটি দুর্যোগেই সতর্কতা ও সচেতনতার মাধ্যমে দুর্যোগের করাল গ্রাস থেকে রক্ষা পাওয়া সম্ভব উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া বলেন, বন্যার পরবর্তী রোগ-বালাই সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে। এ ব্যাপারে  স্বাস্থ্য বিভাগের যথাযথ পদক্ষেপ কামনা করেন তিনি। পাশাপাশি বন্যার ক্ষতি কমিয়ে আনতে এলাকার সচেতন জনসাধারণসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানান উম্মে সালিক রুমাইয়া। এ ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করার জন্য জেলা তথ্য অফিসকে ধন্যবাদ জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী অফিসার।
সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন বলেন, ইউনিসেফের সহায়তায় জেলার কয়েকটি উপজেলায় বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে সুরক্ষা দিতে স্যানসিটাইজেশনের মতো কার্যক্রম অব্যাহত থাকবে।
এ কার্যক্রমের আওতায় সড়ক প্রচার, নৌকাযোগে প্রচার, লোকসংগীত এবং ইমামদের নিয়ে অ্যাডভোকেসি সভাও বাস্তবায়িত হচ্ছে। দুর্যোগকালে সচেনতামূলক এ বার্তাসমূহ যদি তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছানো যায় তাহলেই এ আয়োজন সার্থক হবে বলে তিনি উল্লেখ করেন।
জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. লেবাছ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।