দলীয় মনোনয়ন পাওয়ার পর আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) সিলেট পৌঁছে নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এসময় তিনি সবার দোয়া চেয়েছেন।
সিলেট-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন। আজ মঙ্গলবার দুপুরে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এসময় আওয়ামী লীগ ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি। তারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় পররাষ্ট্রমন্ত্রী সবার উদ্দেশ্যে বলেন, দল এবং আমার সভানেত্রী আমাকে নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আমি আপনাদের দোয়া চাই, যাতে নির্বাচনে জয়ী হয়ে সিলেটবাসীর সেবায় আন্তরিকভাবে কাজ করতে পারি। নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন তিনি।
এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ মহানগর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া,সিলেট সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ, অসংখ্য দলীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
বিমান বন্দর হতে পররাষ্ট্রমন্ত্রী হযরত শাহজালাল ( র.) ও শাহপরান ( র.) মাজারে যান। সেখানে মাজার জিয়ারত ও দোয়া প্রার্থনা করেন।



