সারা দেশে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

সারা দেশে আজ দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও জেলা-উপজেলায় এ দিবস উপলক্ষে র‌্যালি, লিফলেট ও পোস্টার বিতরণ এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে দিবসটি পালিত হয়। দুর্যোগে সাধারণ মানুষকে সচেতন করে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনাই দিবসটির মূল লক্ষ্য।

এ উপলক্ষে আজ ঢাকায় অফিসার্স ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ্ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি এম তাজুল ইসলাম এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি হাফিজ আহমেদ মজুমদার।

প্রধান অতিথির বক্তৃতায় এইচ টি ইমাম বলেন, ভৌগোলিক অবস্থান, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ুর পরিবর্তনজনিত প্রভাবে বাংলাদেশ বিশ্বের একটি অন্যতম দুর্যোগ ঝুঁকিপূর্ণ দেশ। তাছাড়া অপরিকল্পিত নগরায়নের ফলে যে কোনো মাঝারি মাত্রার ভূমিকম্পে প্রাণহানি এবং বিপুল ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এ বিষয়গুলো সামনে রেখে সরকার যেকোনো মাত্রার দুর্যোগ মোকাবিলায় আধুনিক যন্ত্রপাতি ক্রয় ও সংগ্রহ করেছে। তাই বাংলাদেশ এখন দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা অর্জন করেছে।

বিশেষ অতিথির বক্তৃতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনাকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কার্যক্রমকে লক্ষ্যভিত্তিক, সমন্বিত, শক্তিশালী ও কার্যকর করার মাধ্যমে একটি দুর্যোগ সহনশীল জাতি গঠনে সাফল্যের ফলে বাংলাদেশ আজ বিশ্বে নন্দিত। প্রতিমন্ত্রী বলেন, ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে আমরা প্রতিনিয়ত বন্যা, নদীভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিধসসহ নানা ধরণের দুর্যোগের মুখোমুখি হয়ে থাকি। এসব দুর্যোগ মোকাবিলায় ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পূর্বপ্রস্তুতি ও জরুরি সাড়াদান কার্যক্রমসহ বিভিন্ন ধরণের পুনর্বাসন কার্যক্রম সরকার গ্রহণ করেছে। তাই যে কোনো দুর্যোগ মোকাবিলায় বর্তমান সরকার সক্ষম।

আলোচনা সভা শেষে দুর্যোগ সচেতনতা বিষয়ক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।