উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে পল্টুনের সাথে রাস্তার সংযোগ না থাকায় বাশের সাঁকো ব্যবহার করে রাস্তা-পন্টুন-ট্রলারে যেতে চরম দুর্ভোগ পোহাচ্ছে প্রায় ৩০ হাজার মানুষ।
উপজেলার সদরে পৌর এলাকায় সর্ববৃহৎ বন্দর এর কোল ঘেঁষে বয়ে গেছে সন্ধ্যা নদী। কয়েক বছর আগে এ অঞ্চলের সাথে নৌপথে সকল জেলার লঞ্চ, মালবাহী কার্গো, ট্রলারসহ বিভিন্ন নৌযানের খুব ভালো যোগাযোগ ছিল। বর্তমানে পন্টুনটির সাথে রাস্তার কোন সংযোগ না থাকায় ও নদী ভরাট হয়ে যাওয়ার কারণে লঞ্চ, ট্রলার ও কার্গোসহ সব ধরনের নৌযান চলাচল ব্যহত হচ্ছে। যার দরুন বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চের গতিরোধ অবস্থায় সন্ধ্যায় কিংবা বিকেলে ট্রলারযোগে সাধারণ যাত্রীরা ওঠানামা করেন।
সেই সাথে ওই সাঁকো দিয়েই চলছে লঞ্চ থেকে পণ্য ও মালামাল ওঠানামার কাজ। আবার ঢাকা থেকে গভীর রাতে লঞ্চগুলো ফিরলে মাঝ নদীতে চালু অবস্থায় গতিরোধ করলে উজিরপুর থেকে ট্রলার অথবা নৌকাযোগে যাত্রী ও মালামাল ওঠানামা করানো হয়। এভাবে জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে ওঠানামা করতে গিয়ে অনেক যাত্রীরা মারাত্মক দুর্ঘটনার শিকারও হয়েছে।
এ ব্যাপারে ঘাট ইজারাদার বাবুল হাওলাদার জানান, ইজারা নিয়েও চরম দুর্ভোগে পড়েছি। ডুবুচরের কারণে পল্টুনের সাথে রাস্তার সংযোগ না থাকায় ট্রলার নিয়ে গভীর রাতে যাত্রী ও মালামাল ওঠানামা করানো খুব কঠিন ব্যাপার।
তবে এনিয়ে যেন উপজেলার কোনো জনপ্রতিনিধিরই নেই মাথা ব্যাথা। বেশ কিছু দিন আগে সরকারিভাবে নদীটি খনন করলেও কয়েক দিন পরে আবার পুনরায় ভরাট হয়ে যায়।
গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বর্তমানে পন্টুনের সাথে রাস্তার সংযোগ না থাকায় পন্টুনে পৌঁছানোর জন্য প্রায় ৫০ ফুট আর বিপরীত দিকে সন্ধ্যা নদীতে চর থাকায় ট্রলারে পৌঁছাতে প্রায় ৩০ ফুট লম্বা আরেকটি সাঁকো ব্যবহার করা হচ্ছে।
সকাল সাড়ে ১১টার দিকে দেখা যায়, ওই ঘাট থেকে ট্রলারযোগে নদী পার হতে আসা ৭০ বছরের একজন বৃদ্ধাকে। তিনি পন্টুনে আসার জন্য ৫০ ফুট ওই লম্বা সাঁকোর কাছাকাছি এসে দীর্ঘসময় দাঁড়িয়ে থাকেন। কিছুক্ষণ পরে আরেকজন মহিলা যাত্রী আসলে তার সহযোগিতায় ওই সাঁকো পার হয়ে তিনি পন্টুনে পৌঁছান। এ সময় তিনি এ প্রতিবেদককে জানান, পন্টুনে যাওয়ার রাস্তা থাকলে আমাকে ওই সাঁকোর কাছে দীর্ঘসময় দাঁড়িয়ে অন্যের সহযোগিতা লাগতো না।
সূত্র মতে, ১৯৮৫-৮৬ সালে বিআইডব্লিউটিএ এখানে একটি এসপি পন্টুন দিয়েছে। ২০১৩ সালে এটি অকেজো হয়ে যাওয়ায় কর্তৃপক্ষ ২ বছর পূর্বে এটি মেরামতের জন্যে বরিশালে নেওয়ার কয়েকমাস পরে নতুন আরেকটি পন্টুন ফিরিয়ে দেয়। কিন্তু এরপরেও জনগণের দুর্ভোগ লাঘব হয়নি।
এ দুর্ভোগ থেকে মুক্তি পেতে উজিরপুর পৌরসভাবাসী পন্টুনের সাথে রাস্তা নির্মাণসহ নদীটি পুনঃখননের জোর দাবি করে বরিশাল-২ আসনের সংসদ সদস্য এ্যাড. তালুকদার মো: ইউনুস, উজিরপুর উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়র মো: গিয়াস উদ্দিন বেপারীর হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা বলেন, পন্টুনের ব্যাপারটি জেলা পরিষদের আওতায়, এতে আমাদের কিছু করার নেই।
উজিরপুর পৌরসভার মেয়র মো: গিয়াস উদ্দিন বেপারী জানান, বর্তমানে এটি একটি বৃহত্তর জনদুর্ভোগে পরিণত হয়েছে। এ সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে অতি দ্রুত আলোচনা করা হবে।
বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন বরিশাল বিআইডব্লিউটিএ’র এক কর্মকর্তা।

