বিশেষ প্রতিবেদক : বাংলাদেশের সমুদ্রসম্পদকে কাজে লাগানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখহাসিনা বলেছেন, আওয়ামী লীগ ছাড়া কোনো সরকারই প্রতিবেশী দেশের কাছ থেকে নিজেদের স্বার্থ আদায় করতে পারেনি।
আজ বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
এ সময় মাছের উৎপাদন ও রপ্তানি বাড়াতে দেশের সব ধরনের জলাশয়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করারও তাগিদ দেন তিনি।
শেখ হাসিনা আরো বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু দেশের সমুদ্রসীমা সংক্রান্ত আইন করেন। এরপর ভারত ও মিয়ানমারের কাছ থেকে সমুদ্রসীমার ওপর অধিকার প্রতিষ্ঠিত হয়েছে শুধু আওয়ামী লীগ সরকারের প্রচেষ্টায়।
আগের সরকারগুলোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা ৭৫-এর পরে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় এসেছে—জিয়া সরকার, এরশাদ সরকার, খালেদা জিয়া সরকার—কোনো সরকারই কিন্তু আমাদের এই সমুদ্রসীমায় আমাদের যে অধিকার আছে তারা কিন্তু এ ব্যাপারে কোনোদিনই প্রতিবেশী দেশের সাথে কথা বলার সাহসই পায়নি। আমি বলব সাহস পায়নি, বলেওনি। সমুদ্রসম্পদ আমাদের কাজে লাগাতে হবে। আমাদের বিশাল মৎস্যভাণ্ডার আছে। সেই সাথে অন্যান্য সমুদ্রসম্পদ তো আছেই। কাজেই এটাও আমাদের কাজে লাগাতে হবে।’
মাছের উৎপাদন ও রপ্তানি বাড়াতে তাঁর সরকারের নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মাছ থেকে নিরাপদ আমিষ ও পুষ্টির চাহিদা পূরণ করা সম্ভব।সেই সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের অন্যতম খাত মাছ। মাছ রপ্তানি থেকে বাড়তি মুনাফার লোভে দেশের সর্বনাশ না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।
এ ছাড়া দেশের বিলুপ্ত প্রজাতির মাছ সংরক্ষণে সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়ারও পরামর্শ দেন শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী গণভবনের লেকে পোনামাছ অবমুক্ত করেন।


