তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতনের ৮২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাধা দেয়ায় একজন গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার (৭ জুন) দুপুরে গাজীপুরে কালিয়াকৈর উপজেলার খাড়াজোড় এলাকায় এ ঘটনা হয়।
জানা যায়, ইনক্রেডিবল ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানার মার্চেন্ডাইজার রাজীব চন্দ্র মজুমদারকে ছিনতাইকারীরা কয়েকটি গুলি করে ৮২ লাখ ১২ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।
ব্যাংক এশিয়ার কালিয়াকৈর শাখা থেকে কারাখানা শ্রমিকদের বেতনের জন্য ৮২ লাখ ১২ হাজার টাকা উত্তোলন করে একটি ব্যাগে নিয়ে ওই গাড়িতে করে কারখানায় ফিরছিলেন। ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া একটি নির্মাণাধীন ওভারপাসের পাশে তিনটি মোটরসাইকেল নিয়ে অস্ত্রধারী ছিনতাইকারীরা তাঁদের মাইক্রোবাসটি গতিরোধ করে।
পরে কয়েকটি গুলি করে আতঙ্ক সৃষ্টি করে তাঁদের কাছে থাকা টাকার ব্যাগটি লুট করে নিয়ে পালিয়ে যায়। এ সময় ছিনতাইকারীদের গুলিতে কারখানার মার্চেন্ডাইজার রাজীব চন্দ্র মজুমদার গলার পাশে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
কারখানার মহাব্যবস্থাপক ইফতেখার মাহবুব বলেন, ‘তাঁদের কারখানায় দেড় হাজার শ্রমিক রয়েছেন। তাঁদের মে মাসের বেতন দেওয়ার কথা ছিল রোববার। বেতনের টাকা ব্যাংক থেকে তুলে ফেরার পথে ছিনতাইকারীরা ৮২ লাখ ১২ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।’
এতে গুলিবিদ্ধ হলে গুরুতর অবস্থায় একজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, ওই টাকা উদ্ধারে পুলিশ কাজ করছে।