ঝিনাইদহ প্রতিনিধি: মঙ্গলবার রাতে ঝিনাইদহে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। নিহতের নাম কবরী বেগম (৩০)। কবরী ফতেহপুর গ্রামের লিটন মণ্ডলের স্ত্রী।
হরিণাকুণ্ডু থানার ওসি এরশাদুল কবির চৌধুরী জানান, কবরী বেগম মঙ্গলবার রাত ১টার দিকে শাশুড়ির কাছ খেকে চাবি নিয়ে বাথরুমে যান।
এরপর অনেকক্ষণ কবরীর কোনো সাড়া না পেয়ে বাইরে যান শাশুড়ি। কবরীকে না পেয়ে তিনি প্রতিবেশীদের ডাকেন। খোঁজাখুঁজির পর বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে একটি আখক্ষেতে কবরীর লাশ পাওয়া যায়। তাকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয় বলে জানান ওসি।
পুলিশ রাত ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছালেও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সম্পর্কে এখনও কিছু জানাতে পারেনি। লাশ থানায় রয়েছে। এখনও মামলা হয়নি। তবে বিষয়টি তদন্ত করা হবে বলে ওসি জানিয়েছেন।



