প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭ এপ্রিল শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
‘‘অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার কৃষক ও মেহনতী মানুষের অকৃত্রিম বন্ধু শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক-এর ৫৭তম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।
শেরে বাংলা এ দেশের কৃষক সমাজের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে আজীবন কাজ করে গেছেন। কৃষকদের অধিকার আদায়ে তিনি সব সময় ছিলেন সোচ্চার। বাংলার মুখ্যমন্ত্রী থাকাকালে আবুল কাশেম ফজলুল হক দরিদ্র কৃষক এবং প্রজাদের স¦ার্থ রক্ষার জন্য কৃষিঋণ আইন, প্রজাস¦ত্ব (সংশোধন) আইনসহ বিভিন্ন আইন প্রণয়ন করেন।
তিনি ছিলেন উপমহাদেশের এক অনন্য সাধারণ প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাজনীতিবিদ। রায়তদের ওপর জমিদারগণ যে আবওয়াব ও সেলামি ধার্য করতেন, তিনি তার বিলোপ সাধন করেন। তাঁর সাহসী নেতৃত্ব, উদার ও পরোপকারী স¦ভাবের জন্য জনগণ তাঁকে ‘শেরে বাংলা’ বা ‘বাংলার বাঘ’ খেতাবে ভূষিত করেন।
বাংলার গরিব-দুঃখী মানুষের জন্য তাঁর অসীম মমত্ববোধ ও ভালোবাসা এ দেশের মানুষকে চিরদিন অনুপ্রাণিত করবে।
আমি মহান আল্লাহর দরবারে তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।’’



