যশোর প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শারদীয় দুর্গোৎসব-এ ৩দিন সরকারি ছুটির দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট যশোর শাখার উদ্যোগে শুক্রবার সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের যশোর শাখার সাধারন সম্পাদক রনজিৎ দাসের নেতৃত্বে ঘন্টাব্যাপি মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, সংবিধানের মূলনীতিতে ধর্মনিরপেক্ষতার কথা বলা হলেও কার্যক্ষেত্রে তার কোন প্রয়োগ নেই। দেশের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় দুটি উৎসবের ৬দিনের সরকারি ছুটি ভোগ করলেও হিন্দু সম্প্রদায় দীর্ঘদিনের দাবি দূর্গাপুজায় ৩দিনের ছুটির দাবিটি উপেক্ষিত। বক্তারা আশা করেন, হিন্দু সম্প্রদায় দীর্ঘদিনের ৩দিনের ছুটির দাবিটি আসন্ন দুর্গাপূজার আগেই মাননীয় প্রধানমন্ত্রীর তার নির্বাহী আদেশে ঘোষণা করবেন।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি নিমাই বিশ্বাস, সদস্য প্রকাশ ব্যানার্জি, দীপঙ্কর বিশ্বাস, সুকুমার রায়সহ প্রমূখ।



