লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম হত্যা মামলার গ্রেফতারকৃত ৪ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। এসময় পুলিশের ৭ দিনের আবেদনের প্রেক্ষিতে আদালত আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে চীফ জুডিশিয়াল আদালতের বিচারক ভিক্টোরিয়া চাকমা এ আদেশ দেন।
এর-আগে এই জোড়া খুনের ঘটনায় লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নিহত আবদুল্যা আল নোমানের বড় ভাই ও বশিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ মোট ৩৩ জনের নামে চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ ও র্যাব পৃথক অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন- সবুজ, বাবলু, ইসমাইল হোসেন ও মনির হোসেন রুবেল। এদের মধ্যে সবুজ ও বাবলু এজাহারভুক্ত আসামি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. বেলায়েত হোসেন জানান, তদন্তের স্বার্থে আসামিদের ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় দূর্বৃত্তদের গুলিতে নিহত হন যুবলীগ নেতা নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল নিয়ে যায় দূর্বৃত্তরা। গুলির শব্দ শুনে ঘটনাস্থল গিয়ে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তৃব্যরত চিকিৎসকরা নোমানকে মৃত ঘোষনা করেন। ছাত্রলীগ নেতা রাকিবকে সংকটাপন্ন অবস্থায় ঢাকায় নেয়ার পথে মারা যান।




