রাণীনগরে বাল্য বিয়ের দায়ে এবার মেয়ের বাবার কারাদন্ড

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বাল্য বিয়ের দায়ে এবার মেয়ের বাবা দুলাল হোসেন (৪১) কে সাত দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত ১০ দিন আগে ওই বিয়ের আয়োজনে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে কাজীসহ তিন জনের মোট ৬০ হাজার টাকা জরিমানা করে।

দন্ডপ্রাপ্ত দুলাল হোসেন উপজেলার ভেটি গ্রামের ফরিদ উদ্দীনের ছেলে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর উপজেলার ভেটি গ্রামের দুলাল হোসেন তার নাবালিকা মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতার আয়োজন করে। এ সময় ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান চালিয়ে স্থানীয় নিকাহ রেজিস্টার (কাজী) হেলাল উদ্দীন এবং মেয়ের দুইজন মামা জাহিদুল ইসলাম (৩৩) ও জাহিদ হাসান (৩১) কে আটক করে। এ সময় ভ্রাম্যমান আদালতে নিকাহ রেজিস্ট্রার (কাজী) হেলাল উদ্দীনের ৫০ হাজার এবং দুই মামার পাঁচ হাজার টাকা করে ১০ হাজারসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করে।

ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, এ ঘটনায় নাবালিকা মেয়েকে সাবালিকা না হওয়া পর্যন্ত বিয়ে দেবেনা মর্মে মেয়ের বাবা অঙ্গিকারনামা দিলেও পরে অঙ্গিকারনামা ভঙ্গ করে বিয়ে সম্পন্ন করে। খবর পেয়ে বৃহস্পতিবার অভিযান চালিয়ে মেয়ের বাবা দুলাল হোসেনকে আটক করে ভ্রাম্যমান আদালতে সাত দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।