রাজারহাটে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু : সুবিধাভোগী-১১,৮২৭ জন

রাজারহাটে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু : সুবিধাভোগী-১১,৮২৭ জন

রমেশ চন্দ্র সরকার, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : আজ ৭ এপ্রিল ( মঙ্গলবার ) রাজারহাটে  রেশন কার্ডধারীদের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিক্রয় শুরু হলো। উপজেলায়  মোট ১১,৮২৭ জন সুবিধাভোগীর মধ্যে এ চাল বিক্রি করা হবে। করোনা মহামারী পরিস্থিতিতে হতদরিদ্রদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি বিশেষ উপহার হলো রেশন কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজি করে চাল  প্রদান।

রাজারহাট উপজেলার ০৭ (সাত) টি ইউনিয়নে ফেয়ার প্রাইস কার্ডের মাধ্যমে চাল বিক্রয়ের জন্য  ইতিমধ্যে ২৩ জন ডিলার নিয়োগ করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে ডিলারগণ উপজেলার ২৩ টি স্থানে নির্ধারিত ১১,৮২৭  জন কার্ডধারী ব্যক্তির মধ্যে চাল বিক্রয় শুরু করবেন। চাল ক্রয়-বিক্রয়ের সময় সবাইকে করোনা বিধি মেনে চলার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানান হয়েছে এবং  এ বিষয়ে কোন অনিয়ম দেখলে সাথে সাথে ইউএনও-কে জানানোর জন্য অনুরোধ করার জন্য বলা হয়েছে। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তার অফিসিয়াল ফেসবুক আইডিতে এ সত্যতা নিশ্চিত করেন।

উপজেলার রাজারহাট ইউনিয়নে ১৭০১ জন, ছিনাই ইউনিয়নে ১৬৮০ জন বিদ্যানন্দ ইউনিয়নে ১১৮০ জন, চাকিরপশার ইউনিয়নে ১৯৭০ জন, নাজিমখান ইউনিয়নে ১৪৫৮ জন, উমরমজিদ ইউনিয়নে ১৮১২জন এবং ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ২০২২ জন উপকারভোগী এ সুবিধা পাবেন। সকাল ০৯ টা হতে বিকেল ০৫ টা পর্যন্ত  সপ্তাহে ০৩ দিন (সোম, মঙ্গল, বুধ) দোকান খোলা থাকবে।  কার্ডধারী ছাড়া অন্য কেউ  চাল তুলতে পারবে না  এবং কার্ডপ্রতি ৩০ কেজি চাল ক্রয় করা যাবে বলে জানা গেছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর বিধি নিষেধ আরোপ করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।