যে শহরে যন্ত্রনার নাম ইজিবাইক

আরিফ মোল্ল্যা, কালীগঞ্জ, ঝিনাইদহ: ঝিনাইদহ কালীগঞ্জের গ্রাম্য সড়ক থেকে শুরু করে শহরের মধ্যকার পৌর সড়কসহ মহাসড়ক পর্যন্ত এখন ইজিবাইকের দখলে। চালকেরা কোন নিয়মনীতি না মেনে শহরের মধ্যকার সড়কে যেখানে সেখানে তাদের বাইক থামিয়ে যাত্রী উঠানামা করাচ্ছেন। এতে প্রতিনিয়ত অসহনীয় যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়াও চালকদের মধ্যে বেশিরভাগই অপ্রাপ্ত বয়স্ক ও প্রশিক্ষণপ্রাপ্ত না হওয়ায় হরহামেশায় ঘটছে দূর্ঘটনা। বিষয়টি নিয়ন্ত্রন আনতে পৌর কর্তৃপক্ষ চেষ্টা চালালেও এখনও ভোগান্তি কমেনি পৌরবাসীর।

ভুক্তভোগী অনেক শিক্ষার্থীর অভিযোগ সকালে স্কুল কলেজে যাওয়ার সময়ে শহরের মধ্যে তারা প্রতিনিয়ত যানজটের শিকার হচ্ছে। তাদের অভিযোগ শহরে চলাচলরত ইজিবাইকের চালকেরা কোন নিয়মনীতি তোয়াক্কা না করে সড়কের যেখানে সেখানে বাইক ভিড়িয়ে রাখে। অদক্ষ চালক ইচ্ছা মত শহরের ব্যস্ততম সড়কের ওপরই ইজিবাইক ঘুরিয়ে ফেলতে যায়। এছাড়াও রাস্তার ভাঙাচোরা অংশ পরিহার করে ভালো অংশ দিয়ে যেতে চায়। ফলে তারা ঘন ঘন রাস্তায় এপাশ ওপাশ করে পথ চলে। এমন অবস্থায় মোটর সাইকেলসহ দ্রুতগতির পরিবহন পেছন থেকে আগে উঠতে গেলে ইজিবাইকে ধাক্কা লেগে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। ইজিবাইক চালকদের খামখেয়ালীতে শহরের মধ্যে সৃষ্ট যানজট এখন প্রতিদিনের চিত্র। এমন অবস্থায় পড়ে সঠিক সময়ে স্কুল কলেজে পৌছাতে না পেরে তাদেরকে প্রায়ই ক্ষতিগ্রস্থ হতে হচ্ছে।

জালাল হোসেন নামের সাধারন এক পথচারীর অভিযোগ,ইজিবাইক চালকেরা শহরের মধ্যে যেখানে সেখানে তাদের বাইক পার্কিং করার কারনে সৃষ্ট যানজটে ৫ মিনিটের রাস্তায় কখনও কখনও ঘন্টা খানেক সময় লেগে যায়। প্রাপ্ত তথ্য মতে, ২০১০ সালের দিকে প্রথমে কালীগঞ্জ শহরে অল্প কিছু সংখ্যক ইজিবাইক দেখা গেলেও বর্তমানে সাড়ে ৩ হাজারের বেশি ইজিবাইক চলাচল করছে। তার অভিযোগ চালকদের মধ্যে অনেকে আছে তাদের বয়স ১৮ বছরেরও কম। ফলে তারা নিয়মকানুন কিছুই বোঝে না।

সরেজমিন উপজেলা বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে,যারা ইজিবাইক চালাচ্ছেন তাদের মধ্যে ১৫/ ১৬ বছরের কম বয়সী কিশোরেরাও রয়েছে। নতুন নতুন ইজিবাইক সড়কে নামানো হচ্ছে। পৌর কর্তৃপক্ষ এই সব ইজিবাইক শুধুমাত্র পৌর এলাকায় চালানোর অনুমতি দিলেও তারা যাত্রী নিয়ে মহাসড়কে দ্রুতগতীর যানবাহনের সাথে পাল্লা দিয়ে যাত্রী বহন করছে। আবার ইজিবাইকের চালকদের মধ্যে অনেকে অন্য পেশার মানুষও রয়েছে। তারা কিভাবে রাস্তায় ইজিবাইক চালাতে হয় তার নিয়ম কানুন কিছুই জানেনা। তারপরও তারা নিয়মিত মহাসড়ক ছাড়াও গ্রামাঞ্চালের সড়কে ৮ জন করে যাত্রী নিয়ে দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছেন।

ইজিবাইক চালক মকবুল মন্ডল জানান, তিনি ৪ বছর ধরে ইজিবাইক চালাচ্ছেন। আর এটা চালিয়ে ৫ সদস্যের সংসারের জীবিকা নির্বাহ করেন। তবে তিনি স্বীকার করেন,যে হারে প্রতিদিন নতুন নতুন ইজিবাইক রাস্তায় নামছে তাতে যানজন সৃষ্টি হচ্ছে। তার অভিযোগ নতুন ইজিবাইক চালকেরা আইন কানুন মানে না। কে কত টাকার ভাড়া আয় করবে তারা সেই প্রতিযোগিতায় ব্যস্ত। এর কারনে প্রতিনিয়ত দুর্ঘটনা বাড়ছে।

ইজিবাইক চালক ফয়লা গ্রামের নিমাই চন্দ্র দাস জানান, ২ বছর ধরে ইজিবাইক চালিয়ে সংসার চালাচ্ছেন। আগে ভালো পয়সা রোজগার হতো কিন্ত এখন ইজিবাইকের সংখ্যা বেড়ে যাওয়ায় রোজগার কম হচ্ছে। তিনি হাসতে হাসতে জানান, বর্তমানে শহরে এমন অবস্থা যেন মানুষের চেয়ে ইজিবাইক বেশি হয়ে গেছে।

আবু মোস্তফা কামাল নামের এক পথচারী বলেন, শহরের ভিতরে চলাচলরত ইজিবাইক দেখলে মনে হয় এটা যেন ইজিবাইকের শহর। অনেক চালক আছেন যারা অন্য পেশার কাজ করে বিকালে শহরে এসে ইজিবাইক চালান। ফলে বিকালে শহরে ইজিবাইকের উপস্থিতি থাকে সারাদিনের যে কোন সময়ের চেয়ে বেশি। তার অভিযোগ এ সমস্ত চালকদের কোন প্রশিক্ষণ নেই। তারা শহরের বিভিন্ন মোড়ে অথবা সড়কের উপরে অযথা তাদের বাইক দাঁড় করিয়ে রাখে ফলে সৃষ্টি হয় যানজট। তার অভিযোগ এটা চালকদের ইচ্ছাকৃত সৃষ্ট যানজট। এরপরও শহরের মধ্যে বড় গাড়ি ঢুকে যানজটের ভোগান্তিটা আরো বাড়িয়ে দিচ্ছে।

কালীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আশরাফুল আলম আশরাফ জানান, ইজিবাইকের জন্য অপ্রাপ্ত বয়স্ক কোন চালককে অনুমোদন দেননি। কেউ যদি শিশুদের দিয়ে ঝুঁকিপূর্ণ তিন চাকার এ যান চালান কতক্ষনই বা নজরে রাখা যায়। তিনি বলেন, নিয়ম না মেনে অনুমোদনহীন নতুন নতুন ইজিবাইক শহরের সড়কে নামানো হচ্ছে। চালকদের খামখেয়ালীপনার কারনে সৃষ্টি হচ্ছে যানজট। তিনি এগুলো দেখবেন বলে আশ্বাস দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।