জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোঃ জাহিদ আহসান রাসেল এম পি।
আজ এক অভিনন্দন বার্তায় তিনি সকল খেলোয়াড় কোচ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচছা ও অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, জিম্বাবুয়ের বিপক্ষে ধারাবাহিক ভাবে টেষ্ট ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয় অবিস্মরণীয় অর্জন। একই সাথে কোন দলের বিপক্ষে তিন সংস্করণেই বিজয় দেশের ক্রিকেট ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। তিনি আশা প্রকাশ করেন, মাঠে টাইগার ক্রিকেটারদের অসাধারণ নৈপুণ্য আগামী দিনের উদীয়মান ক্রিকেটারদের অনুপ্রেরণা যোগাবে।
টেস্ট ও ওয়ানডেতে হোয়াইটওয়াশের পর এবার টি-টোয়েন্টিতেও বাংলা ওয়াশের স্বাদ পেল সফরকারী জিম্বাবুয়ে। সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করে ১২০ রানের টার্গেট দেয় শন উইলিয়ামসন বাহিনী। ওপেনার লিটন দাসের অপরাজিত ফিফটিতে ১ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় মাহমুদুল্লাহ রিয়াদ বাহিনী।
বুধবার (১১ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ-জিম্বাবুয়ে। সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। যেখানে প্রথমে ব্যাট করা জিম্বাবুয়েকে ১১৯ রানে বেধে দিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে এই সংগ্রহ পায় জিম্বাবুয়ে।
ঢাকায় একমাত্র টেস্টে ১০৬ রান ও ইনিংস ব্যবধানে জেতার পর তিন ওয়ানডেতেও ৩-০ ব্যবধানে জয় পায় টাইগাররা। গত নয় তারিখে শুরু হওয়া দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৪৮ রানে জয়ের পর আজ ৯ উইকেটে জিতে ষোল কলা পূর্ণ করল স্বাগতিকরা।




