যুদ্ধ বিরতি লঙ্ঘন করে সীমান্তে গুলিবর্ষণ পাকিস্তানের, নিহত বিএসএফ সাব ইন্সপেক্টর

যুদ্ধ বিরতি লঙ্ঘন করে সীমান্তে গুলিবর্ষণ পাকিস্তানের, নিহত বিএসএফ সাব ইন্সপেক্টর

সংঘর্ষ বিরতি ঘোষণার কয়েক ঘন্টা পরেই তা লঙ্ঘন করেছে পাকিস্তান। নতুন করে জম্মু, শ্রীনগর সহ পঞ্জাব, গুজরাটের একাধিক জায়গায় ড্রোন হামলা শুরু করে পাকিস্তান। আন্তর্জাতিক সীমানা বরাবর গুলি চালানো হয় ১১ টি জায়গায়। আর সেই সংঘর্ষেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন একজন বিএসএফ সাব ইন্সপেক্টর। মৃত্যু হয়েছে মহম্মদ ইমতিয়াজের। আহত হয়েছেন আরো ৭ জন। ঘটনাটি ঘটে আর এস পুরা সেক্টরে। একাধিক বিষ্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে জানিয়েছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এবার গুজরাট থেকেও ড্রোন দেখতে পাওয়ার কথা জানালেন রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি।

বিএসএফ এর একজন সিনিয়র অফিসার জানান, আন্তর্জাতিক সীমান্তে গুলি চালানো শুরু করে পাকিস্তান। নেতৃত্ব দিয়ে গিয়ে গুলিবিদ্ধ হয়ে বীরের মতো মৃত্যু হয় সাব ইন্সপেক্টর মহম্মদ ইমতিয়াজের। আহতদের দ্রুত ভর্তি করা হয়েছে হাসপাতালে।

বিএসএফ জম্মু ফ্রন্টিয়ারের তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘জম্মুতে আর এস পুরা সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে গুলি চলার সময় নিহত হন বীর বিএসএফ সাব ইন্সপেক্টর মহম্মদ ইমতিয়াজ। তাঁর আত্মত্যাগকে আমরা কুর্নিশ জানাই। বিএসএফ এর একটি সীমান্ত আউট পোস্টে নেতৃত্ব দেওয়ার সময় মৃত্যু হয় তাঁর। তাঁর পরিবারের প্রতি সহমর্মিতা রইল বিএসএফ এর সমস্ত পদস্থ আধিকারিকদের তরফে।’ আগামীকাল পূর্ণ মর্যাদায় তাঁকে সম্মান জানানো হবে।

উল্লেখ্য, জম্মু, শ্রীনগর, আখনুর সেক্টর সহ একাধিক জায়গায় ড্রোন হামলার খবর পাওয়া গিয়েছে। একাধিক বিষ্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে জানিয়েছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। গুজরাট থেকেও ড্রোন দেখতে পাওয়ার কথা জানালেন রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি।

 এদিকে সংঘর্ষ বিরতি (লঙ্ঘন করার পরেই কাশ্মীরে একাধিক জায়গায় ড্রোন হামলার খবর পাওয়া যায়। শ্রীনগরে ডাল লেকের কাছে আকাশে দেখা যায় লাল উড়ন্ত আলো। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সংঘর্ষ বিরতির কী হল? শ্রীনগরে চতুর্দিকে বিষ্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে’। যদিও সেনার তরফে জানানো হয়েছে, শ্রীনগরে কথাও বিষ্ফোরণ হয়নি।

উল্লেখ্য, ANI সূত্রে খবর, এখনও পর্যন্ত সীমান্তবর্তী একাধিক জায়গায় সম্পূর্ণ ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। বারমেঢ়, ফিরোজপুর, জয়সলমের, শ্রীনগর, পাঠানকোট, জম্মু, মোগা, আরএস পুরার মতো এলাকায় আলো নিভিয়ে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে।

এদিকে, আন্তর্জাতিক সীমান্তে আখনুর, রাজৌরি, ও RS পুরা সেক্টরে গোলাবর্ষণ করে পাক সেনা (Pakistan-India)। এছাড়াও, জম্মুর পালানওয়ালা সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাও ঘটিয়েছে পড়শি দেশ। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বারামুলায় একটি ড্রোনগুলি করে নামানো হয় এবং সেখানে সন্দেহজনক আনম্যানড এরিয়াল ভেহিক্যাল (UAV) শনাক্ত করা গেছে।

ইতিমধ্যেই বারামুলা এবং শ্রীনগরে ব্ল্যাকআউট চলছে। এদিকে, রাজৌরিতে পাক ড্রোনের উপস্থিতি লক্ষ্য করার পাশাপাশি জম্মু অঞ্চলের সাম্বা জেলা থেকে বিমান হামলার সাইরেনের খবর পাওয়া গেছে।

প্রসঙ্গত, শনিবার সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি জানান, আজ শনিবার বিকেল পাঁচটা থেকেই দুই দেশের মধ্যে সব রকম ভাবেই সংঘর্ষ বিরতি করা হয়েছে। যদিও তিনি একথা স্পষ্ট করে দিয়েছেন, পাকিস্তানের আর্জিতেই সংঘর্ষ বিরতির পথে হেঁটেছে ভারত। তবে সম্প্রতি সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট করে দিয়েছেন, এই সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ব্যাপারটিকে ভারত যথেষ্ট কড়া ভাবে দেখছে। এই বিষয়ে পাকিস্তানকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সামগ্রিক পরিস্থিতি বিচার করে পাঞ্জাবের জলন্ধর এবং লুধিয়ানার প্রশাসন বাসিন্দাদের সতর্ক করেছে এবং সংশ্লিষ্ট অঞ্চলগুলিতে ব্ল্যাকআউটের নির্দেশ দিয়েছে। ইতিমধ্যেই জলন্ধর প্রশাসনের তরফে জানানো হয়েছে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জনসাধারণকে বাড়ির ভেতরে থাকার জন্য অনুরোধ করা হয়েছে এবং ব্ল্যাকআউট বজায় রাখার বিষয়েও জানানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।